সজীব দে
শেষ হলো আড্ডা, হাসি, গান আর স্মৃতিচারণার মধ্য দিয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনের মিলনমেলা। তবে ২য় দিনের প্রধান আকর্ষণই ছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতের জনপ্রিয়দের একজন একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিৎ এর গান। দম্পতিদের পারফরমেন্সের পর রাত ৮টার দিকে জানানো হয় এবার গান করতে আসবেন কুমার বিশ্বজিৎ। কিন্তু অপেক্ষার প্রহর যেনো আর শেষ হতেই চায় না। অবশেষে রাত সাড়ে ৯টায় কোঁকড়া চুল, কালো টি শার্ট, জিন্স, হাসিখুশি চেহারা নিয়ে মঞ্চে ওঠে সকলের অপেক্ষার অবসান ঘটালেন কুমার বিশ্বজিৎ। সকলেই যেন তারই অপেক্ষায় ছিলেন এতক্ষণ। মুহুর্মুহু করতালি ও হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানালেন শ্রোতারা।
সকল শিক্ষার্থী ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি অনেক আগেই মঞ্চে উঠতে চেয়েছি। আমাকে উঠতে দেয়া হয়নি। এখন আমি জোর করেই মঞ্চে উঠেছি। তবে আমার সাথে গাইতে হবে আপনাদেরও। আপনারা রাজি আছেন তো? তখন সকলে সমস্বরে হ্যাঁ বলে উঠেন।
এরপর তিনি একে একে গেয়ে শোনান ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ও ডাক্তার, আপনি করবেন যখন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে মেয়ে একটা রূপসী ভারি’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘তরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘প্রেমের মানুষ ঘুমাইলেও চাইয়া থাকে’। গানের মাঝে মাঝে আবার গানের তাৎপর্য্য তুলে ধরেন তিনি।
বলেন, এখানে সকলেই নারী। তাদের জন্য আমার এই গানটি উৎসর্গ করছি। ধরলেন ‘চতুর্দোলাতে চড়ে দেখো ঐ বধূ যায়’।
পরের গানের আগে আবার বললেন, ‘এ গানটি নিয়ে কিছু কথা আছে। বলা যেতে পারে মেয়ে পটানো গান। শোনালেন ‘তুমি যদি বলো পদ্মা-মেঘনা একদিনে দিব পাড়ি।’
গানটি গেয়ে বললেন, ‘আমার যা সৃষ্টি তা আপনাদেরই সম্পদ, তাই এটা রক্ষা করার দায়িত্বও আপনাদের। পশ্চিমবঙ্গের একজন শিল্পী যিনি সংসদ সদস্য (ইন্দ্রনীল সেনগুপ্ত) তিনি ফেসবুকে আমার একটি গান নিজের বলে দাবি করেছেন। তার সাথে কথা বলেও কোন কাজ হয়নি। আবার তিনি গানটি তার বলে প্রচারণা করছেন। এই গানটিই এখন গাইছি বলে গাইলেন, ‘অন্তর জ্বলে রে জ্বলে’।
আবার বললেন, ‘এ অঞ্চল হলো তীর্থস্থান। রাধারমণ, হাসনরাজা, আব্দুল করিমসহ অনেক গুণি মানুষ এখানে জন্মেছেন। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাধারমণের এ গানটিÑ‘জলে যাইও না গো রাই’।
পর্যায়ক্রমে একে একে জনপ্রিয় সব গান গেয়ে মাতিয়ে রাখেন তিনি। 
এর আগে উৎসবের ২য় দিন সকাল ৯টা থেকে স্মৃতিচারণা করেন সতীশিয়ানরা। মনের মণিকোঠায় আগলে রাখা ভীষন দামি সোনালী সেইসব দিনের কথা বলতে যেয়ে তাদের চোখমুখ উদ্ভাসিত হয়ে উঠে, কী এক অচেনা আলোয়। সবাই মেতে উঠে সহপাঠীদের সাথে আড্ডা আর খুনসুটিতে। জীবনের অনেক পথ পাড়ি দিয়ে সবাই যেন আবার একটি দিনের জন্যে হারিয়ে যায় প্রিয় শিক্ষাঙ্গনে ফেলে আসা দিনগুলোতে।
দুপুর ২টা থেকে শুরু হয় ৯৮ থেকে ২০১৬ ব্যাচ, বিদেশ থেকে আসা ছাত্রী এবং ঢাকা থেকে আসা প্রাক্তন ছাত্রীদের পারফরমেন্স। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ‘আমরা ঝঞ্জার মতো মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল’, ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’, ‘ময়ূর বেশেতে সাজন রাধিকা’, ‘বল গো, বল গো সই কোন বা দেশে যাই’, ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’, ‘ভালো কইরা বাজাও গো দোতরা সুন্দরী কমলা নাচে’, ‘যদি সুন্দর একটা মন পাইতাম’, ‘ওরে সাম্পানওয়ালা’, জলে গিয়া ছিলাম সই’, ‘ইন্টিশনের রেলগাড়িটা’, ‘সোনা বন্ধু তুই আমারে করলিরে দেওয়ানা’, রব না রব না ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না’, ‘ভালো আছি ভালো থেকো’, আমার যমুনার জল দেখতে ভালো’ সহ জনপ্রিয় সব গান গেয়ে বিদ্যালয় প্রাঙ্গণ মাতিয়ে রাখেন। একই সঙ্গে ছিল কবিতা আবৃত্তি, ধামাইল।
দেশের বাইরে থেকে আসা সতীশের চন্দ্রালোকের বালিকারা বলেন, জানি যা চলে গেছে তা আর ফিরে আসবে না। তবু প্রিয় স্কুলের স্মৃতি এখনও ধরা দেয় এক নির্মল আনন্দের প্রতিচ্ছবি হয়ে। তাইতো খুঁজে ফিরি স্কুল বন্ধুদের চেনা মুখ। কৈশোরিক উন্মাদনায় এখনও খুঁজি স্মৃতির ডায়েরীতে অম্লান স্কুল জীবনের সময়গুলি। কৈশেরের দুরন্তপনা। তাই তো সকল বাধা অতিক্রম করে আজ এখানে সামিল হতে পেরেছি। আমরা ঠিক করেছি আমরা যারা সতীশের ছাত্রী দেশের বাইরে আছি তারা বছরে অন্তত একবার এক হওয়ার। এরপর শুরু হয় দম্পতিদের জমজমাট পারফরমেন্স।
অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা এমপি।