- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেষ হলো ঢাকার খেলা জমবে এবার মাঠের খেলা

রাখাল বালক
হাওরের রাজধানী সুনামগঞ্জ, আর সুনামগঞ্জের প্রাণ হলো ধান। বছরের একটি মাত্র সোনালী ফসল যখন প্রচ- হুমকির মুখে, হাজার হাজার টন পাকা ধান যখন পানির নীচে, হাওর পারের লক্ষ লক্ষ নর-নারী দিনরাত্রি একমুঠো ধান ঘরে তোলার জন্য যে সময়ে পানির সাথে যুদ্ধ করছেন সেই সময়ে  হাওরের জনপ্রতিনিধিগণ যারা নিজেদেরকে জনগণের খাদিম বলে দাবি করেন, তারা তাদের সঙ্গী সামন্তসহ  স্ত্রী পুত্র পরিজন ছেড়ে,  অন্যের তো দূরের কথা নিজ ফসলের মায়া ছেড়ে,  দিনের পর দিন ঢাকা শহরে কাটিয়েছেন ।
কেউ কেউ আত্মীয় স্বজনের বাসায় থাকলেও বেশীর ভাগ খাদিমরা হোটেলে থেকেছেন। ঢাকার ফকিরাপুল,  নয়া পল্টন,  মহাখালী  কিংবা লালমাটিয়ার কোন কোন এলাকা যেন ধর্মপাশা, জামালগঞ্জ বা তাহিরপুরের কোন বাজার বা জনপদে পরিণত হয়েছিলো।
এক একজন প্রার্থীর সাথে আবার ২/৩জন করে সঙ্গী সাথী ছিল। গড়ে প্রতি প্রার্থীর প্রতিদিনের খরচ প্রায় ৫ থেকে ১০ হাজার টাকা।  ঢাকার হোটেল রেস্তোরা তখন নমিনেশনকামীদের দখলে।  দীর্ঘদিন যাবত  লবিং তদবিরে প্রার্থী ও তার সমর্থকেরা এখন ক্লান্ত পরিশ্রান্ত।  কেউ কেউ বিষন্ন ও বিপর্যস্ত। যারা এই খেলায় জিতেছেন তাদের মুখে লাল হাসি, যারা পারেন নাই তাদের ক্ষোভের শেষ নাই।
ধনাঢ্য টাকাওয়ালাদের জন্য নমিনেশন  তদবির করা এক ধরনের বিনোদন বা প্রতিযোগিতার খেলা হলেও ত্যাগী আদর্শিক গরীব নেতাকর্মীদের জন্য ঢাকায় থাকা বা লবিং করা মানে মরার উপর খরার ঘা। সারাজীবন আদর্শ আর ত্যাগের রাজনীতি করে এখন শেয বয়সে এসে নব্য টাকাওয়ালাদের সাথে ঘোড়ার দৌঁড়ে অংশ নেয়া যেন রাজনীতির কাছে নিদারুণ পরাজয়।
রাজনীতির এই জঘন্য খেলাকে কেউ কেউ ‘মনোনয়ন বাণিজ্য’ বললেও আসলে নোংরা প্রতিযোগিতার এই কর্মটি বাণিজ্য শব্দকেই বদলে দিয়েছে।
দলীয় মনোনয়নের নির্বাচনে সবদলেই কমবেশি অনিয়ম বা বাণিজ্য হয়েছে। কিন্তু ৬ষ্ঠ ধাপের মনোনয়ন নিয়ে সরকারী দলে বাণিজ্য ছিলো যেমনতেমন কিন্তু নাটক ও খেলা হয়েছে বেশী। এইনাটকের কুশীলব  মাত্র ৩/৪ জন হলেও খেলাটি ছিলো উত্তেজনাপূর্ণ ও অনেক লম্বা। জেলা কমিটির সাবেক এক নেতা তো হোটেল ক্যাপিটালএ রীতিমতো বাণিজ্যিক অফিস বানিয়েছিলেন। এসিরুমের একটিতে থাকতেন তিনি নিজে, অন্যটিতে অফিস বানিয়ে ইন্টারভিউ নিতেন। পাশাপাশি আরো ৪/৫ টি রুমে তার সহযোগী উপজেলা নেতারা থাকতেন। উনার রুমে সাক্ষাৎকার নেবার আগে সহযোগীরা প্রার্থীদের ‘ফিটনেস’ পরীক্ষা নিতেন। মাঝে মাঝে জেলার বড় নেতা আসতেন নেতার রুমে চূড়ান্ত ইন্টারভিউ নিতে। সকাল সন্ধ্যা ভিড়  লেগেই থাকতো ওই হোটেলটিতে।
ভিড় বাড়তে বাড়তে এক কান দুকান করে মিডিয়ার কানেও চাউর হয়ে গেলো। গোয়েন্দারা ঠিকই খবর রাখছিলেন সবকিছু। যখন দেখলো মিডিয়ার লোকজন ক্যামেরা নিয়ে হোটেলের আশেপাশে অবস্থান নিচ্ছেন তখন গোয়েন্দার লোকেরা জেলার ২য় বড় নেতাকে জানালে ২য় নেতা তাৎক্ষণিকভাবে বড়নেতাকে হোটেল থেকে বেরিয়ে আসতে বললে তিনি তাড়াহুড়া করে বেরিয়ে আসেন। এবং সাবেক নেতা তার সহযোগীদেরসহ ওই দিনেই হোটেল ছেড়ে চলে আসেন। সাবেক নেতা হোটেল ছেড়ে শশুড়বাড়ীতে ঊঠলেও অন্য সহযোগীরা উঠেন ফকিরাপুলের রহমানিয়া হোটলে। সাবেক নেতা তখন প্রতিদিন সন্ধায় সহযোগীদের রুমে গিয়ে সাক্ষাতকার নিতেন। এদিকে উপজেলার নেতারাও কম কিসে? পালা করে তাদের রুম ভাড়া দিয়েছেন প্রার্থিরা। রুটিন করে সকাল দুপুর রাতের খাবারের আয়োজন করছেন প্রার্থিরা। সে এক এলাহি কান্ড।  বিরানি পোলাও রোষ্ট কার চেয়ে কে বেশী খাওয়াতে পারেন,তার প্রতিযোগিতা। এক উপজেলার সভাপতির ছেলে ও আরেক উপজেলার সাধারণ সম্পাদক তো প্রতিযোগিতায় নেমেছিলেন কার চেয়ে কে বেশী ‘সেবা’ নিতে পারেন।
মূলত হোটেলে থাকা উপজেলা নেতাদের কারণেই জমে উঠেছিলো মনোনয়ন মেলা। আর তাদের সে সুুযোগ দিয়েছিল জেলার সাবেক এক নেতা। যদি উপজেলার নেতারা সময় মতো তালিকা জেলাতে পাঠিয়ে দিতেন তাহলে ঢাকার মেলা জমতো না। তারা তালিকা জেলাকে না দিয়ে প্রতিদিনই প্রার্থীদের সেবা নিতেন আর ইচ্ছামতো বদল করতেন।  শেষ মুহূর্তে যখন জেলাতে তালিকা জমা হলো তখন ভীড় বাড়তে লাগলো সভাপতি ও সাধারণ সম্পাদকের বাসায়। মহাখালী আর লালমাটিয়ায় তখন আবারও ভীড়।  দলে দলে লোকজন দুই নেতার বাসায় যেতে লাগলো।  দুই নেতা তো বটেই আশেপাশের বাসার লোকজনের পর্যন্ত ঘুম হারাম হয়ে গেলো। একপর্যায়ে উভয়নেতার বাসা বন্ধ হলো। তালিকা জমা হলো ধানমন্ডি-৩ এ। তারপর মেলা চলে গেলো ধানমন্ডি-৩সহ কেন্দ্রীয় নেতাদের আস্তানায়।
যাদের নাম গেলো তারা তো আছেই যাদের নাম যায় নি তারাও ঘোড়ার মতো দৌঁড়াতে লাগলেন মনোনয়ন বোর্ডের সদস্যদের বাসায় বাসায়। আর এ দলে একজন সাংসদ তো পাগলা ঘোড়ার মতো দৌঁড়ালেন। যদিও তিনি শেষ পর্যন্ত একটি সিট পেলেন নেত্রীর কাছে একজন বৃদ্ধ প্রার্থীর কান্নাকাটির কারণে। এর পুর্বে মনোনয়ন বোর্ড থেকে তিনি খালি হাতেই ফিরলেন। জেলার সাবেক প্রভাবশালী একজন নেতা  পাশের উপজেলার দুই নেতাকে সাথে নিয়ে  যে সিন্ডিকেট বানিয়েছিলেন সেই সিন্ডিকেটের কারণে প্রথম দিকে সাংসদ  সুবিধা আদায় কর তে না পারলেও পরে দুইটি উপজেলায় কিছু সুবিধা আদায় করতে পেরেছিলেন। যে কারণে জেলার তালিকায় একটি উপজেলা ছাড়া অন্য দুইটি উপজেলাতে নাম তালিকাভুক্ত করলেও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে তিনি খালি হাতেই ফিরলেন। অতঃপর  দিলেন পাইকারি অভিযোগ।  সারাদিন চললো বিচার শুনানি। ইতিমধ্যে আমরা জেনেছি সেই শুনানিতে সাংসদ বনাম জেলা নেতাদের বচসার কথা। সকাল ১০ টার চিঠি পেলো রাত ৮ টায়।
ইউনিয়ন থেকে শুরু করে নেত্রীর দস্তখত করা চিঠি পাওয়া পর্যন্ত প্রায় একমাস চললো এই দৌঁড় আর দৌঁড় খেলা। এই খেলা ত লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা উড়েছে। বাণিজ্যিক নেতাদের বাণিজ্য ছাড়াও শুধু হোটেল রেস্তোরা,  বিমান ভাড়া, নেতাদের সেবা, মনোরঞ্জন, সমর্থকদের সমর্থন আদায় করা, লবিস্টদের পিছনে ছুটোছুটি করতে একজন প্রার্থীর যদি ৩ থেকে ৫লাখ টাকা খরচ হয়, তাহলে প্রায় ৩শত প্রার্থীর কত টাকা খরচ হয়েছে? এই বিশাল অংকের টাকা কি হাওর বাসীর নয়? কি কারণে হাওরের এই টাকা ঢাকায় উড়ানো হলো? কাদের জন্য, কাদের স্বার্থে ইউনিয়ন, উপজেলা নেতাদের দলে দলে ঢাকায় আনা হলো? সে প্রশ্ন ঘুরপাক খাবে হাওরের ফসল হারা লক্ষ লক্ষ মানুষের মনে দীর্ঘদিন। খাদিমদার নেতারা, তাদের নেতারা ভালো থাকবেন, ঢাকায় ফসলহারা মানুষের জন্য রাজনীতি করবেন, কিন্তু যে টাকা ঢাকা শহরে উড়ে গেলো, তা কি আর হাওরে ফিরে আসবে?? যাই হোক ঢাকার খেলা শেষ হলো, এবার জমবে মাঠের খেলা।

  • [১]