- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেষ হলো তিন দিনের গীতিকার মেলা গীতিকারদের অমূল্য সৃষ্টি সংরক্ষণ করার দাবি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরামের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপি গীতিকার মেলা শেষ হয়েছে। গীতিকার মেলায় ছিল গুণীজন সম্মাননা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  
শনিবার দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাতে জেলা শিল্পকলা একাডেমীর  হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা গীতিকার ফোরামের সভাপতি ডা. মো. আমান উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি আতম সালেহ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সংগঠনের উপদেষ্টা গিয়াস উদ্দীন খন্দকার, বাউল শাহজাহান, একতারা শিল্পীগোষ্ঠীর সভাপতি রাশেদ বখত নজরুল, সংগঠনের সমন্বয়কারী অধ্যক্ষ অণীশ তালুকদার বাপ্পু প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,‘সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের প্রায় চারশ গীতিকার শিল্পীদের একত্রিত করে এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। এর মাধ্যমে সংগঠনটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের সুনামগঞ্জ জেলায় প্রায় সাড়ে ৬’শত গীতিকার রয়েছেন। তাদের খবর আমরা কেউ রাখি না। অনেকে প্রতিভাবান ব্যক্তি আছেন যারা নিজে গান রচনা করে সুরারোপ করেন। কিন্তু টাকার অভাবে তাঁদের গানগুলি সংরক্ষণ করতে পারছেন না। তাঁদের সাহায্যে এগিয়ে আসতে হবে। আমাদের নিজেদের প্রয়োজনেই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তাঁদের অমূল্য সৃষ্টি সংরক্ষণ করতে হবে।’
তিন দিনব্যাপি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এয়ারলিংক স্যাটেলাইট।

  • [১]