স্টাফ রির্পোটার, জামালগঞ্জ
জামালগঞ্জে একইস্থানে ৪০ দিনের কর্মসৃজন ও কাবিটার প্রকল্প বাস্তবায়ন নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী শ্যালক স্থানীয় ইউপি সদস্য আর দুলাভাই স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একই এলাকার আলাদা আলাদা বরাদ্দ থেকে ৫ লক্ষ টাকার প্রকল্পে নামে মাত্র কাজ হয়েছে বলে অভিযোগ উঠেছে শ্যালক-দুলাভাইয়ের বিরুদ্ধে। এলাকাবাসী ও অভিযোগকারীদের দাবী দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য।
অবশ্য প্রকল্প চেয়ারম্যানরা দাবি করেছেন তারা অনিয়ম দুর্নীতি করেন নি। আর উপজেলা প্রশাসন বলেছেন বরাদ্দের অনুকূলে কাজ না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউছুফ নগর গ্রাম হতে বাহাদুরপুর পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ২ লক্ষ ৯৬ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে জামালগঞ্জ সদর ইউনিয়নে কাবিটা প্রকল্পে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ইউসুফ নগর হতে মান্নানঘাট পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রথম প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান ডা. মফিজুর রহমান
আর কর্মসৃজনে উনার শ্যালক স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান। ইউসুফ নগর হতে মান্নানঘাট পর্যন্ত রাস্তা মেরামত কাবিটা প্রকল্পের বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর গ্রামের কেরামত আলীর ছেলে রফিক মিয়া আর ইউছুফনগর গ্রাম হতে বাহাদুর পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে আলী আমজদ।
তারা পৃথক পৃথক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন,একই গ্রামের রাস্তায় পৃথক পৃথক বরাদ্দ দেওয়া হয়েছে কর্মসৃজনে ২ লক্ষ ৯৬ হাজার ও কাবিটায় ২ লক্ষ টাকা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৫ লক্ষ টাকার বিপরীতে লক্ষাধিক টাকার কাজ করা হয়েছে। বাকী টাকা কাজ না করেই আত্মসাতের চেষ্টা চলছে।
স্থানীয় এলাকাবাসী বার বার কাজের ব্যাপারে চাপ দিলেও তারা কর্ণপাত করছেন না, উল্টো এলাকাবাসীকে হুমকি প্রদান করে আসছেন। এমনকি বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য স্থানীয় সংসদ সদস্যের উন্নয়ন প্রকল্পে স্থানীয় বিএনপি নেতাকে প্রকল্প চেয়ারম্যান করিয়ে ভাবমূর্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে।
সরেজমিনে গত সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মান্নানঘাট থেকে ইউসুফ নগরের রাস্তায় ২ লক্ষ টাকার বরাদ্দে নামে মাত্র অল্প জায়গায় মাটি ফেলা হয়েছে। আর ইউসুফনগর থেকে বাহাদুর পর্যন্ত রাস্তায় ২ লক্ষ ৯৬ হাজার টাকার বরাদ্দে অর্ধেকের মত মাটির কাজ করা হয়েছে।
ইউসুফ নগর থেকে বাহাদুর পর্যন্ত রাস্তার প্রকল্প চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন,‘ আমি আ.লীগে যোগ দিয়ে ইউসুফ ভাইকে নিয়ে ঢাকা গিয়ে এই কাজটি এনেছি। ডা. মফিজুর রহমান আমার দুলাভাই, তিনিও আ.লীগে যোগ দিয়েছেন। উনাকে প্রকল্পের ব্যাপারে জিজ্ঞাসা করে লাভ নেই,আমিই করেছি দুটি প্রকল্পের কাজ। কর্মসৃজনে যতটুকু কাজ হয়েছে ততটুকুর বিল নেবো, আর কাবিটার কাজও কিছু করেছি।
ইউসুফ নগর থেকে মান্নানঘাট বাজার রাস্তার প্রকল্প চেয়ারম্যান ডা. মফিজুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া বলেন,‘ কর্মসৃজন প্রকল্পের ২য় পর্যায়ের কোন অর্থ ছাড় দেওয়া হয়নি। কাজ দেখা হচ্ছে, যে পরিমাণে কাজ পাওয়া যাবে সেই পরিমাণে বিল প্রদান করা হবে। আর কাবিটা প্রকল্পে কাজ না করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,‘ কাবিটা প্রকল্পে কাজ না করা হলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন ২য় পর্যায়ের প্রকল্পের টাকা এখনো ছাড় দেওয়া হয়নি। যতটুকু কাজ ততটুকু বিল, কাজ না হলে টাকা সরকারি কোষাগারে জমা হয়ে যাবে।