- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রদ্ধা ও ভালবাসায় বিপ্লবী বরুণ রায়কে স্মরণ

স্টাফ রিপোর্টার
বরুণ রায় একজন অসাম্প্রদায়িক ও আলোকিত মানুষ ছিলেন। তাঁর রাজনীতি ছিল আদর্শ ও ত্যাগের। দেশ ও মানুষের কল্যাণে সংগ্রাম করতে গিয়ে তিনি ১৪ বছর জেল খেটেছেন। প্রগতি আর সাহসিকতার দীপশিখা হাতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন জীবনভর। সাম্যবাদ, মনুষ্যত্ব, বাঙালি জাতিসত্ত্বা, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিই ছিল তাঁর স্বপ্ন-সংগ্রামের আদর্শ। বরুণ রায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সাধারণ মানুষের চাহিদা পুরণে এবং দু:খ-বেদনায় পাশে থাকতে হবে। যেসব মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মৃতি সংরক্ষণ খুবই জরুরি। মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন বরুণ রায়। মুক্তিযুদ্ধকালীন অনেক স্মৃতি এখন হারিয়ে যেতে বসেছে। তা দ্রুত সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে।  
সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সাংসদ বরুণ রায়ের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই স্মরণসভা হয়। কমরেড বরুণ রায়    স্মৃতি সংসদ এই স্মরণসভার আয়োজন করে।
স্মৃতি সংসদের সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, বরুণ রায়ের সহধর্মিনী নারীনেত্রী শীলা রায়, প্রবীণ আইনজীবী ও লেখক স্বপন কুমার দেব, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী ও মতিউর রহমান, কৃষক নেতা অমর চান দাস, সিনিয়র আইনজীবী ও কবি রবিউল লেইস রোকেস, আ.লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, জেলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মো. শামছুল আবেদীন, শ্রমিক নেতা রঞ্জিত তালুকদার, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি তারিক চৌধুরী  প্রমুখ।
স্মরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উদীচী উপজেলা শাখা ও প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাবেক সংসদ সদস্য প্রসুন কান্তি কমরেড বরুণ রায়ের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী ছানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সদস্য ধীরেন্দ্র দেবনাথ, উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কালী কুমার দাশ, যুগ্ম আহবায়ক শংকর বড়াল, সদস্য বিধু দেবনাথ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডরে হেলিম সরকার প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, ভাসান পানি আন্দোলনের নেতা কমরেড প্রসূন কান্তি রায় বরুণ রায়ের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির হল রুমে কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গুল আহমেদ।
সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলী আমজাদ। স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমরেড অজিত লাল রায়, সহসভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, কোষাধ্যক্ষ ধনঞ্জয় পাল, সদস্য অ্যাড. শাহীনুর রহমান, আবু তাহের, জহুরা বেগম, গোপাল পাল প্রমুখ।

  • [১]