স্টাফ রিপোর্টার
বাদল সরকার ছিলেন আদর্শে অবিচল থাকার এক সংগ্রামী দৃষ্টান্ত। তিনি সারা জীবন শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে আপোষহীন ছিলেন। ভাসান পানি আন্দোলন, বারকি শ্রমিকদের আন্দোলন, হোটেল শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন, স-মিল শ্রমিকদের ন্যায্য আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে তার সংগ্রামী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত বাদল সরকারের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের শোষণ মুক্তির সংগ্রামে নিয়োজিত হওয়ার অনুপ্রেরণায় পরিণত করতে হবে।
বিশিষ্ট শ্রমিকনেতা, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকারের মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত শোকসভায় কথাগুলো বলেছেন বক্তারা। শুক্রবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সহসভাপতি আমীর উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রয়াত বাদল সরকারের সহধর্মীনি দিপ্তী সরকার, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম, কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার, কবি ও লেখক ইকবাল কাগজী, সৌরভ ভূষণ দেব, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক শুভ তালুকদার, স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া, হোটেল শ্রমিক সংঘের সভাপতি লিলু মিয়া, বারকি শ্রমিক সংঘের সভাপতি কাদির মিয়া, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে প্রয়াত বাদল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।