- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দাবি না মানলে ৩ মে থেকে পরিবহন বন্ধের আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন স্থানে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নতুন বাস টার্মিনালে মানববন্ধন করে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এসময় আগামী ২ মে’র মধ্যে দাবি মেনে না নিলে ৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেয়া হয়।
সংগঠনের সভাপতি সুজাউল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ জহিরুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১২ মার্চ ছাতক উপজেলার বড়কাপনে দুইজন পরিবহন শ্রমিককে বস্ত্রহীন করে বেধড়ক মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়। পরে তারা দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলেও পুলিশ সাধারণ মামলা হিসেবে নেয়। এতে আসামীরা সহজে ছাড়া পেয়ে যাচ্ছে। এছাড়াও সুনামগঞ্জ সদরে কার-মাইক্রোবাস স্ট্যান্ডে অবৈধভাবে কয়েকজন চাঁদাবাজি করছে। চাঁদাবাজির মামলা করার পরেও আসামীরা আইনের আওতায় না এসে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। আগামী ২ মে’র মধ্যে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারকে অনুরোধ জানান বক্তারা।
মানববন্ধনে জেলা বাস মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মো মনর আলী, সাংগঠনিক রজব আলী মোল্লা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক নজির হোসেন, সদস্য বিলাল, আফতর প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]