জেলা বারকি শ্রমিক সংঘ রেজি নং চট্টঃ ২৩৫৫ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়ার মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল), জেলা বারকি শ্রমিক সংঘ রেজি নং চট্টঃ ২৩৫৫-এর সভাপতি মো. নাছির মিয়া, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-২১২৬ এর সাধারণ সম্পাদক লিলু মিয়া এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার মৃত্যুতে বারকি শ্রমিকদের সংগঠন-সংগ্রামে অপূরণীয় ক্ষতি হয়েছে। বারকি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন-সংগ্রাম করতে গিয়ে সিরাজ মিয়া বার বার মুনাফখোর শোষকগোষ্ঠীর হাতে নির্যাতিত হয়েছেন। কিন্তু কোনদিন আপোস করেননি। আমৃত্যু তিনি শ্রমিক শ্রেণির পক্ষে ভূমিকা নিয়ে বারকি শ্রমিকদের সংগঠন-সংগ্রামে নেতৃত্ব প্রদানের পাশাপাশি শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের মুক্তির লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের বিভিন্ন জাতীয় কর্মসূচিতে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করেছেন। আমৃত্যু শ্রমিকশ্রেণির স্বার্থের পক্ষের একজন হিসেবে তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং সংগঠনের নেতাকর্মীদের তিনি সব সময় তার অতি নিকটজনের মত সমাদর করতেন।
উল্লেখ্য শ্রমিক নেতা সিরাজ মিয়া দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে ভোগে গত ১২ অক্টোবর রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাহিরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের নিবাসী সিরাজ মিয়ার মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের গভীর সমবেদনা জানিয়েছেন।