স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পৈন্ডুপ কমিউনিটি ক্লিনিকের সামনে ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে কালবৈশাখীর ঝড়ের ঘটনায় ৫দিন ধরে এ রিপোর্ট লেখা (রবিবার বিকাল ৫টা) পর্যন্ত শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঘন্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর, দপেরকান্দা, গোপালপুর, কান্ডবপুর, উজ্জলপুর, রাজধরপুর, রামজীবনপুর, নিশ্চিন্তপুর ও পাঠাবুকা গ্রামের অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শতাধিক গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত এখনো অনেক পরিবার খোলা আকাশের নীচে বসবাস করছেন।
এছাড়াও উজ্জ্বলপুর ও সাহেবনগর গ্রামের সামনে ছয়টি বিদ্যুতের খুঁটি, নিশ্চিন্তপুর গ্রামের সামনে একটি বিদ্যুতের খুঁটি ও পাঠাবুকা গ্রামের সমিনের একটি বিদ্যুতের খঁুটিসহ মোট আটটি বিদ্যুতের খঁুটি ভেঙ্গে পড়ে যায়।
তাহিরপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, কালবৈশাখীর ঝড়ে গত শনিবার রাতে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২টি বিদ্যুতের খুঁটি ও মঙ্গলবার রাতে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আটটি খঁুটি ভেঙ্গে যাওয়ায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে ৫দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।