- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শয়তানখালি বাঁধ দিয়ে হাওরে পানি ঢুকছে

ধর্মপাশা  প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের শয়তানখালি ফসল রক্ষা বাঁধে কোনো কাজ না করায় সুরমা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে হাওরে পানি ঢুকতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে ওই বাঁধ দিয়ে প্রবল বেগে হাওরে পানি ঢুকতে শুরু করে। এতে হাওরের পায় ১২৫ একর জমির ধান গাছ পানির নিচে তলিয়ে গেছে।
জানা যায়, উপজেলার ওই হাওরে প্রায় ৫০০ একর জমিতে এ বছর বোরো ধান চাষাবাদ করা হয়। এর মধ্যে বৃস্পতিবার সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত হাওরের প্রায় ১২৫ একর জমির ধান গাছ পানির নিচে তলিয়ে যায়।
সরোজমিনে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সেখানে গিয়ে দেখা যায়, ওই ফসল রক্ষা বাঁধ দিয়ে প্রবল বেগে হাওরে পানি ঢুকছে। বাঁধের দুই পাশে বাঁশের খুঁটি এবং বাঁশের চাটাই দেওয়া আছে। কিন্তু বাঁধের কোথায় কোনো মাটি নেই। এ সময় বাঁধ মেরামতের জন্য পিআইসি নিয়োজিত কোনো শ্রমিক সেখানে পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু করার কথা। ওই বাঁধের জন্য ১৪ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় কয়েক জন কৃষক জানান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান ওই বাঁধের প্রকল্প চেয়ারম্যান। তিনি ইচ্ছাকৃত ভাবে বাঁধের কাজ সঠিক সময়ে শুরু করেননি। তার কারণেই আমাদের জমির ফসল তলিয়ে গেছে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, চলতি মাসের আট তারিখ এ বাঁধের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ কারণে বাঁধের কাজ শুরু করতে দেরি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, গত       মাসিক সমন্বয় সভায় আমি বাঁধের কাজের ধীর গতি নিয়ে কথা বলেছি। কিন্তু এরপরও কোনো কাজ হয়নি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, আমি সরেজমিনে বাঁধটি পরিদর্শন করেছি। বাঁধটি মেরামত করে হাওরের ফসল রক্ষার সব রকম চেষ্টা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী রঞ্জন চন্দ্র সরকার বলেন, বাঁধের কাজে আমাদের কোনো গাফিলতি নেই। সময় মত কাজ শেষ করার জন্য আমরা পিআইসিকে তাগিদ দিয়েছি।

  • [১]