- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ষড়যন্ত্রকারীরা সক্রিয়, সতর্ক থাকার আহ্বান আ.লীগের’

সু.খবর ডেস্ক
ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়, তাই দেশ ও দলের স্বার্থে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। শুক্রবার বিকালে জেলহত্যা দিবসের স্মরণসভায় অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনার     হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য যত অপশক্তি, দুষ্কৃতিকারী তাদের প্রতিহত করতে হবে। তাহলে ১৫ আগস্ট, ২১ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।’
সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘অপশক্তি সবসময়ই তৎপর রয়েছে। খালেদা জিয়া আর বিএনপির ইন্ধনে এ অপশক্তি সক্রিয়। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।’
সভাপতিম-লীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব, কিন্তু পঁচাত্তরের ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের সেই ষড়যন্ত্রকারী ও খুনিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’
এর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের খুনিরা, ৩ নভেম্বরের খুনিরা একই। ২১ আগস্টের খুনিরাও একই সূত্রে গাঁথা। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।’
স্মরণসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]