- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংকটের মধ্যেই যাত্রা শুরু দিরাই ৫০ শয্যা হাসপাতালের

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে চরম লোকবল সংকটের মধ্য দিয়েই আজ উদ্বোধন হচ্ছে ৩১ থেকে ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । দুপর ১ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
জানা গেছে, লোকবল সংকট ও সুষ্ঠু ব্যবস্থপনার অভাবে যুগের পর যুগ ধরে প্রায় অচল হয়ে পড়েছে উপজেলার প্রায় সাড়ে ৩ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা সেবাকেন্দ্রটি।  স্বাস্থ্যমন্ত্রীর আগমন ও ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনের মধ্যদিয়ে কাংখিত স্বাস্থ্য সেবা সচলের প্রত্যাশার পাশাপাশি প্রাপ্তির হিসেব কষছেন সাধারণ মানুষ। স্বাধীনতার ৪৫ বছর  অতিবাহিত হলেও উপজেলার সাধারণ দরিদ্র মানুষ যথাযথ চিকিৎসা সেবা না পেয়ে জেলা বা বিভাগীয় শহরে গিয়ে খরচান্ত হচ্ছেন। অবকাঠামোগত উন্নয়ন হলেও কাংখিত চিকিৎসা সেবার মান উন্নয়ন হয়নি। উপজেলা সদরে আজ পর্যন্ত কোন বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা  পায়নি সাধারণ মানুষ। উপজেলা সদরে যে কয়জন চিকিৎসক  কর্মরত রয়েছেন তারা প্রাইভেট চিকিৎসায় ব্যস্ত থাকেন এবং নাম স্বর্বস্ব ঔষধ কোম্পানির লোকজনের সাথেই সময় দেন।
হাসপাতাল অফিস সূত্রে জানা গেছে, এখানে জুনিয়র কনসালটেন্ট(সার্জারী), গাইনী, মেডিসিন ও এ্যনেসথেসিয়া কনসালটেন্টের পদ শুন্য রয়েছে দীর্ঘ দিন ধরে। ডেন্টাল সার্জন না থাকায় ভুয়া দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে অপচিকিৎসার শিকার হচ্ছেন দরিদ্র পরিবারের অনভিজ্ঞ সাধারণ লোকজন। নেই মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব, ফার্মা, রেডিওগ্রাফি,ডেন্টাল ও এসআই)। এক্সরে মেশিন চালু হয়নি কখনও। কোন ধরনের টেস্ট হাসপাতালে করা হয় না বলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।
চিকিৎসক আছেন ৯ জন, নেই নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাপ নার্স আছেন ২ জন। দীর্ঘদিন ধরে একমাত্র সরকারি অ্যাম্বুল্যান্সটি বিকল হয়ে পড়ে আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ৫০ শয্যা হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে চিকিৎসা সেবার মানোন্নয়ন হবে, লোকবল সংকট নিরসনের পাশাপাশি দারিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

  • [১]