- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংকটে ধুঁকছে বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা

শহীদনূর আহমেদ
নানা সমস্যায় জর্জরিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা এখন লাইফ সার্পোটে। যেকোন সময় বন্ধ হওার আশঙ্কা শিক্ষার্থী ও অভিভাবকদের।
সাড়ে তিন‘শ শিক্ষার্থীর পাঠদানের জন্য মাদ্রাসার শ্রেণিকক্ষগুলোতে  ন্যুনতম স্থান সংকুলান হচ্ছে না।  নয় মাস যাবৎ শিক্ষকদের সম্মানি বকেয়া রয়েছে। পাবলিক সেলারী দিয়ে চলে আসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। সাধারণ তহবিলের অবস্থা আরো ক্ষীণ। নেই মানসম্মত শিক্ষক । এসএসসি , জেডিসি পিএসসি পরীক্ষার ফলাফল ধারাবাহিকভাবে ভাল হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি দীর্যদিন ধরে সরকারি সুযোগ সুবিধা  থেকে বঞ্চিত রয়েছে।
মাদ্রাসাটির মুমূর্ষু অবস্থার জন্যে গ্রামীণ পঞ্চায়েতের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ি করছেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবক মহল।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, ১৯৮৪ সালে বীরগাঁও গ্রামের কিছু সংখ্যক উদ্যমী মানুষের উদ্যোগে ৩য় শ্রেণী পর্যন্ত চালু হয় মাদ্রাসাটি। ২০০৪ ইং এবতেদিয়ার অনুমোদন পায়। ২০১০ সালে        দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে  ক্রমান্বয়ে ৬১.৫৬%, ২০১১ইং ৮৭.৫০%, ২০১২ইং ৮৭.৫০%, ২০১৩ইং ৮৭.৫০%, ২০১৮ সনে ৬৬.৬৬%, ২০১৫ সনে ৫২.৯৪%, ২০১৬ইং ৯৬% ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে বর্তমানে সাড়ে তিন‘শ শিক্ষাথী রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা দানে নিয়োজিত রয়েছেন ১২জন শিক্ষক। এর অর্ধেকই এ্ই মাদ্রাসা থেকে দাখিল পাস করে শিক্ষকতায় নিয়োজিত হয়েছেন। মাদ্রাসার তহবিলের অবস্থা শোচনীয় হওয়ায় তাদের সম্মানীর পরিমাণ কম। শুধু এ বছরেই নয় মাস হল তাদের সম্মানী বকেয়া রয়েছে।
মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোজাক্কির আহমদ বলেন, আমাদের মাদ্রাসায় খুব ভাল শিক্ষা দেয়া হয়। শিক্ষকগণ খুবই আন্তরিক। শুনেছি শিক্ষকদের বেতন দেয়া হয় না। যে কোন সময় মাদ্রাসা নাকি বন্ধ হতে পারে।  এতে আমরা শংকিত।
মাস্রাসা পরিচালনা কমিটির সভাপতি নূর জালাল করিম বলেন, মাদ্রাসার তহবিলের অবস্থা খুবই শোচনীয়। দুইজন প্রবাসী ব্যক্তির ন্যুনতম সাহায্যে কোনভাবে প্রাতিষ্ঠানিক ব্যায় নির্বাহ করছি। টানাপোড়েনের মধ্যে চলছে প্রতিষ্ঠানের কার্যক্রম।
বীরগাঁও ইসলামীয় দাখিল মাদ্রাসার সুপার জুবায়ের আল মাহমুদ বলেন, আমারা বিগত ৭ বছর যাবৎ দাখিল ও জেডিসি পরিক্ষায় ভাল ফলাফল করে আসছি।ভাল ফলাফল করার পরও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত থেকে বঞ্চিত রয়েছে। নয় মাস যাবৎ শিক্ষকদের বেতন ভাতা বকেয়া আছে।
জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন বলেন মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার তালিকায় আছে। সরকার যেকোন সময় তা এমপিওভুক্ত করতে পারে। তাই মাদ্রাসাটিকে টিকিয়ে রাখতে এলাকার সচেতন ও  দানশীল ধনাঢ্য ব্যাক্তিদের  এগিয়ে আসতে হবে।

  • [১]