স্টাফ রিপোর্টার
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিক নাগরিক (সুজন)’এর আয়োজনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে জেলা সুজনের সিনিয়র সহ সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ড.বদিউল আলম মজুমদার।
এসময় তিনি বলেন, আইএমএফ প্রদত্ত ঋণ ‘ফুটো কলসি সিনড্রম’ বা ছিদ্রযুক্ত কলসিতে পানি ঢালার মতোই হতে পারে। অর্থাৎ ফুটো কলসিতে পানি যতই ঢালা হোক তাতে যেমন কলসি ভরবে না। তেমনি রাজনৈতিক তথা গণতন্ত্রের ঘাটতি পূরণ অর্থাৎ জনগণের ভোটাধিকার ফেরত প্রদান এবং দুর্নীতি ও দুর্বত্তায়নের লাগাম টানা সম্ভব না হলে অর্থনৈতিক সংকট থেকেই যাবে। কেননা অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সমাধান পরস্পরের সঙ্গে সম্পর্কিত, একটিকে বাদ দিয়ে আরেকটি সম্ভব নয়।
তিনি আরো বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট সমাধান করতে হলে কিছু কার্যকর রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক সংস্কারের প্রথম ও আবশ্যকীয় পদক্ষেপ হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। তবে শুধু নির্বাচিত সরকারই গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। কার্যকর গণতন্ত্রের জন্য প্রয়োজন নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তি ও কোটারি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে রাষ্ট্র পরিচালনা করা। বহুদলীয় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। ক্ষমতা কেন্দ্রীভূত না করা, ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র, দলতন্ত্র পরিহার করা। পরিচ্ছন্ন ও জনমুখী শাসন কাঠামো গড়ে তোলা। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা করা।
প্রভাষক ফজলুল করিম সাইদ’এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মৌলিভীবাজার সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা সুজন সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, জামালগঞ্জ উপজেলা সুজনের সভাপতি মিসবাহ উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা সুজন সভাপতি ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান দরগাপাশা ইউনিয়ন সুজন সভাপতি জালাল উদ্দীন, সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ কানিজ সুলতানা প্রমুখ।