- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো নিম্নমানের ইটভাঙা পাথর

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার থেকে বীরগাঁও পর্যন্ত সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইটভাঙা, মাটি মিশ্রিত পাথর ও মানহীন ভিটমাটি ব্যবহারের অভিযোগ করেছিলেন এলাকাবাসী। তাদের অভিযোগের প্রেক্ষিতে পত্রিকায় সরেজমিন প্রতিবেদন করা হয়। প্রতিবেদন প্রকাশের পর সরিয়ে নেওয়া হয়েছে সড়কের পাশে রাখা নিম্নমানের ইটভাঙা। মঙ্গলবার বিকাল ৩টায় কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের সামনে থেকে ট্রাকে করে এসব ইটভাঙা সরাতে দেখা যায়। ইটভাঙা ট্রাকে তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন সড়কের কাজের ব্যবস্থাপকদের (সাইড ম্যানেজর) একজন ফয়ছল আহমদ।
ফয়ছল আহমদ জানান, আমরা যখন মালগুলোর (ইটভাঙা) অর্ডার দেই তখন ভালো মালেরই অর্ডারই দিয়েছিলাম। ভোলাগঞ্জের পার্টি রাতে আমাদের না জানিয়েই তৃতীয় মানের ইটভাঙা পাঠিয়ে দিয়েছিলো। যা দেখে আমার কাছেই খারাপ লাগে। পরে ফোনে কল করে তাকে শাসিয়েছি। নিম্নমানের মাল ফেরত নিতে বলেছি। এসবের প্রমাণও আমার কাছে আছে। চাইলে দেখতে পারেন। আমার এমডি মহোদয় কথা বলেছেন। আমরা ট্রাকে করে তাদের নিম্নমানের মালগুলো পাঠিয়ে দিচ্ছি।
বালি ও পাথরের ব্যপারে তিনি বলেন, শ্রমিকদের আমরা ইতোমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছি, একাধিকবার ধুয়ে পাথর ব্যবহার করার জন্য। এর আগেও ধুয়ে ব্যবহার করেছে। ভুলে হয় তো দু’একবার মিসটেক হতে পারে। বালিও ভালো এনেছি। নতুন করে ভালো মানের ইটভাঙা আনা হয়েছে। সামান্য কাজের জন্য আমাদের স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে দেবো না।
পাগলা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমরা দেখেছি তারা ভালো ইটভাঙা নিয়ে এসেছেন। নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে দেখেছি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ। এমনটা হলে আমরা (এলাকাবাসী) খুশি হবো। যেহেতু এটা ব্যস্ততম একটি সড়ক সেহেতু নিয়মিত পানি ছিটিয়ে কাজ করার অনুরোধ করেছি। তারা একটি পানির মোটর পাম্প বসিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দৈনিক সুনামগঞ্জের খবরে ‘পাগলা বীরগাঁও সড়কে সংস্কার কাজে অনিয়ম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ৪ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যায়ে সড়কের প্রথম ৭ কিলোমিটারের কাজ পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ্ এন্ড ব্রাদার্স। বীরগাঁও খালপাড় অংশ থেকে গুইড়াখালের ব্রিজ হয়ে বীরগাঁও বাজার পর্যন্ত হবে দ্বিতীয় অংশের কাজ। প্রায় সমমূল্যের এ কাজে এখন চলছে মাটি ভরাটের।

  • [১]