ছাতক প্রতিনিধি
ছাতকে মেঘনা গ্রুপ, স্কয়ার টয়লেষ্ট্রিজ, ম্যারিকো বাংলাদেশ, বুম্বে সুইটস, কোহিনুর কেমিকেল কোম্পানী এবং আর এস পি এল কোম্পানীর পণ্য পরিবেশকদের কাছ থেকে ক্রয় না করার জন্য বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে চিঠি দিয়ে বারন করা হয়েছে। নাম, ঠিকানা ও তারিখবিহীন ছাতক বাজার ভুষিমাল ও মনোহারী ব্যবসায়ী পরিষদ নামের প্যাডে এ চিঠি পেয়ে বাজারের সাধারন ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে এক অজানা আতংক। ৯ আগস্ট বিতরণকৃত এ চিঠি হাতে পেয়ে বাজারের বেশ ক’জন ব্যবসায়ী অর্ডার করা পণ্য ফেরত দিয়েছে বলে পরিবেশকরা জানিয়েছেন।
এদিকে উল্লেখিত কোম্পানীর পরিবেশকরা অভিযোগ তুলে বলেন, একটি অসাধু চক্র কোন কারণ ছাড়াই দেশের খ্যাতনামা কোম্পানীগুলোর পণ্য ক্রয় না করতে চিঠির মাধ্যমে ব্যবসায়ীদের বাধ্য করার চেষ্টা করছে। প্রভাবশালী এ সিন্ডিকেট বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে ঘোলাজলে মাছ শিকারের পায়তারা করছে। এসব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ৮ আগস্ট পর্যন্ত উল্লেখিত কোম্পানীর মোটা অংকের চালানের মাধ্যমে পর্যাপ্ত পণ্য অর্ডার দিয়ে সংগ্রহে এনে গোদামজাত করে অসৎ উদ্দেশ্যে এ চিঠি বিতরণ করেছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের আশায় কতিপয় ব্যবসায়ী চক্র এমন জঘন্য কাজ করেছে বলে তারা মনে করেন। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি সরকারের ভাবমুর্তি নষ্ট হওয়ারও আশংকা রয়েছে।
শনিবার বিকেলে শহরের রইছ বোর্ডিয়ে ছাতক ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ডিষ্ট্রিবিউটরা। তাদের অভিযোগ, এতে সাধারন ব্যসায়ীরা আতংকিত হওয়ার পাশাপাশি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে জড়িত ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিও জানান ছাতক ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশনের নেতৃবৃন্দ। অন্যথায় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অনিয়ন্ত্রিত হওয়ার আশংকা রয়েছে।
ছাতক ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিনের সভাতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সাদিক তালুকদার।
এসময় ছাতক ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশনের সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, কোষাধ্যক্ষ শাওন কুন্ডু, প্রচার সম্পাদক মিঠু রায়, ব্যবসায়ী আনিছুর রহমান চৌধুরী সুমন, রিয়াজ আহমেদ রাজু, কামাল হোসেন সুহেল, ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সজল মোহন ধর, উত্তম দাস, মেহেদী হাসান সানি, অজয় পাল, নারায়ণ রায়, সুহেল রানা, মাহবুব মিয়া, ভানু চক্রবর্তী, শুভ মিয়া, লিটন রায়, সাদেক মিয়া, জুয়েল মজুমদার, মানিক আচার্য, সুভাষ চন্দ্র দাস, ইয়াহিয়া আবেদীন, ফরহাদ আহমদ, বিপ্লব রায়, মামুন মিয়া, রাজু দে প্রমুখ উপস্থিত ছিলেন।