স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের মধ্যবর্তী স্থানে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা নিয়ে শহরের নানা শ্রেণীর লোকজনের মধ্যে মতভিন্নতা দেখা দেয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান জরুরী সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকালে জেলা পরিষদের রেস্ট হাউজ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা সদরে অবস্থানরত
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুধুমাত্র ২১ ফেব্রুয়ারিতে এখানে ফুল ও শ্রদ্ধাঞ্জলি প্রদানের অনুষ্ঠান হবে। কেন্দ্রীয় শহীদ মিনার এখন যেখানে আছে সেখানেই হবে। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিড়জিত শহরের প্রধান শহীদ মিনারই হবে কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে নতুন শহীদ মিনারের পাশাপাশি পুরাতন শহীদ মিনার সংস্কার করা হবে ও আধুনিকায়ন করা হবে। শহীদ মিনার নিয়ে ভুল বুঝাবুঝির কোন সুযোগ নেই। সাধারণ মানুষের মতামতকে জেলা পরিষদ অবশ্যই মূল্যায়ন করবে। ’
শহীদ মিনার নির্মাণ প্রসঙ্গ নিয়ে শহরের সুশীল সমাজের প্রতিনিধি ও সিনিয়র আইনজীবীদের সাথেও তিনি পৃথকভাবে বৈঠক করবেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেছ মিঞা, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা কৃষক লীগের সহ সভাপতি শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের সদস্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু ও জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস।