- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংযোগ সড়ক করতে ৪ মাস লাগবে

বিশেষ প্রতিনিধি
দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ী বর্ডার হাটের যোগাযোগ সড়কের কাজ শেষ করতে আরও ৪-৫ মাস সময় লাগবে। এলজিইডি’র সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। এদিকে, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাগানবাড়ী বর্ডারহাট পরিচালনা কমিটির সভাপতিসহ বর্ডারহাট পরিচালনা কমিটির দায়িত্বশীলরা সোমবার ওই হাট পরিদর্শন করেছেন। ওই প্রতিনিধি দলের সদস্য শিলংয়ের খাসিয়া হিলের সর্দার জন শেখ ম্যান মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক’এর সঙ্গে দেখা করেছেন। এসময় জন শেখ ম্যান বাগানবাড়ী বর্ডার হাটের বাংলাদেশ অংশের যোগাযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসককে অনুরোধপত্র দিয়েছেন।
২০১৮ সালে শুরু হয় দুই দেশের সীমান্ত দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ীতে বর্ডারহাট নির্মাণের কাজ। বর্ডার হাটের ভারতীয় সীমানায় ১২ টি এবং বাংলাদেশের সীমানায় ১৩ টি দোকান কোঠার নির্মাণ কাজ শেষ। ভারতীয় অংশে বর্ডার হাট পর্যন্ত সংযোগ সড়কের কাজও শেষ।
সোমবার বর্ডারহাট পরিদর্শনে আসেন বর্ডারহাট পরিচালনা কমিটির ভারতীয় অংশের সভাপতি শিলংয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ কমিটির অন্যান্যরা। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত গণ্যমান্যদের জানান, জানুয়ারি’র প্রথম সপ্তাহে বাগানবাড়ী বর্ডারহাটের উদ্বোধন হবে।
দোয়ারাবাজারের বোগলা বাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল জানান, শিলংয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোমবার তাকে জানিয়েছেন, জানুয়ারি’র প্রথম সপ্তাহে এই হাটের উদ্বোধন হবে। তার সঙ্গে শিলংয়ের খাসিয়া হিলের সর্দার জন শেখ ম্যানও ছিলেন। তিনি আজ মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সঙ্গে দেখা করেছেন। ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল জানান, বর্ডারহাটের ভারতীয় অংশে যোগাযোগ সড়কের কাজ শেষ। এইপাশে বাংলাদেশ অংশে যোগাযোগ সড়কের কাজ এখনো হয় নি। এই বিষয়টি নিয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন জন শেখ ম্যান।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, জন শেখ ম্যান তাঁকে একটি অনুরোধপত্র দিয়েছেন। ওই পত্রে উল্লেখ রয়েছে, বাগানবাড়ী বর্ডারহাটের ভারতীয় অংশে যোগাযোগ সড়ক হয়েছে। এই অংশে দ্রুত সড়কের কাজ করার অনুরোধ করা হয়েছে চিঠিতে।
তিনি জানান, এই বিষয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন তিনি। সন্ধ্যায় স্থানীয় সরকার সচিবকেও চিঠি পাঠিয়েছেন।
এদিকে, দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী হরজিৎ সরকার জানান, গত ৫ সেপ্টেম্বর দোয়ারাবাজারের বোগলা থেকে বাগানবাড়ী পর্যন্ত সড়কের এক কোটি ১১ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় নির্ধারন করে সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকের নিকট পাঠিয়েছেন তারা। প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়ায় আছে।
এলজিইডির এই প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আলী হুসেন মঙ্গলবার বিকালে এ প্রতিবেদককে জানান, বোগলা-বাগানবাড়ী সড়কের ডেভলপমেন্ট প্রজেক্ট প্রপোজেল (ডিপিপি) সংশোধন করে বাস্তবায়ন করতে হবে। এর প্রস্তাবনা প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে, পরে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। এরপর একনেক’এ অনুমোদনের পর প্রজেক্ট ইভালুয়েসন কমিটি (পিইসি) গঠন করে প্রকল্প বাস্তবায়নের কাজ করতে হবে। তাতে কমপক্ষে ৪-৫ মাস সময় লাগবে। আমরা গুরুত্বের সঙ্গেই কাজটি করছি।

  • [১]