- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংসদে রওশন এরশাদের ‘ছলনা’ নিয়ে হাস্যরস

সু.খবর ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর স্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে ভবিষ্যতে কোনো ‘ছলনা’ করবেন না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ
আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদের আবৃত্তি করা কবিতার কয়েকটি পঙ্ক্তির জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী রসিকতা করে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন রওশন এরশাদ। এ সময় বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের সমালোচনা করতে গিয়ে তিনি রবীন্দ্রনাথের ‘ছল’ ও ‘দুই বিঘা জমি’ এবং জসীমউদ্দীনের ‘ও বাজান চল যাই চল’সহ কয়েকটি কবিতার কিছু পঙ্ক্তি আবৃত্তি করেন।
এরপর প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘ বক্তৃতার একপর্যায়ে বলেন, ‘আমাদের বিরোধীদলীয় নেতা অনেকগুলো কবিতা আউড়িয়েছেন। এ জন্য তাঁকে সাধুবাদ জানাই। তবে একটি কবিতা সম্পর্কে আমি বলতে চাই। তিনি বলেছেন, “বুঝি গো আমি বুঝি গো তব ছলনা/ যে কথা তুমি বলিতে চাও/সে কথা তুমি বল না”।’
এই লাইনগুলো পাঠ করার পর প্রধানমন্ত্রী বলে ওঠেন, মনে হয় এই কবিতাটি তিনি ওনার বাঁ দিকে যিনি বসে আছেন (এইচ এম এরশাদ), তাঁর দিকে তাকিয়ে বললে ভালো হতো।
শেখ হাসিনা বলেন, ‘প্রথমে আমি বুঝতে পারিনি উনি কাকে উদ্দেশ করে কবিতাটি বলেছেন। পরে ভাবলাম, এরশাদ সাহেবকে উদ্দেশ করেই হয়তো বলেছেন। আমি আশা করি, এরশাদ সাহেব ভবিষ্যতে আর কোনো ছলনা করবেন না।’
শেখ হাসিনার এ কথার পর সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। সবাই টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন। অন্যদিকে সংসদের অধিবেশন কক্ষে বসে থাকা রওশন এবং এরশাদ একে অপরের দিকে চেয়ে হাসেন।
সংসদ অধিবেশন কক্ষে বিরোধীদলীয় সাংসদদের জন্য নির্ধারিত আসনের প্রথম সারিতেই রওশন এরশাদের আসন। তাঁর বাঁ পাশেই হুসেইন মুহম্মদ এরশাদ বসেন।

  • [১]