- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংসদ ভবনে এমপি মানিকের সাথে দোয়ারার চেয়ারম্যান প্রার্থীদের বৈঠক

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে আওয়ামী লীগের রাজনীতি। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নেতাদের কাছে দৌঁড় ঝাপ ও শেষ চেষ্টা-তদবির করছেন। মনোনয়নের দাবিতে দোয়ারাবাজার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী চেয়ারম্যান মঙ্গলবার সকালে ও বিকালে দু’বার স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে দেখা করে বৈঠক করেছেন।  
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউপি চেয়ারম্যানরা জাতীয় সংসদ ভবনে গিয়ে এমপি মানিকের সাথে সাক্ষাত করে নির্বাচন নিয়ে কথা বলেন। বর্তমান ইউপি চেয়ারম্যান ছাড়াও আওয়ামী লীগের আরো বেশ কয়েকজন নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।
এমপি মানিকের কাছে ইউপি চেয়ারম্যান ও নেতাকর্মীরা দলীয় মনোনয়ন প্রদানে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীকের নেতৃত্বাধীন তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বোগলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আপন, পান্ডারগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, নরসিংহপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন ও দোহালিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী কাজী আনোয়ার হোসেন আনু। এর আগের দিন সোমবার এমপি মুহিবুর রহমান মানিকের সাথে দেখা করেছেন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বরুণ চন্দ্র দাস।
সদর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক ও লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন,‘এমপি মহোদয়ের সাথে দেখা করে আমরা নির্বাচনের নানা প্রস্তুতির বিষয়ে কথা বলেছি। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীকের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা বেশ আগেই সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হয়েছে। সভানেত্রী যাকে দলীয় প্রার্থী ঘোষণা করবেন তার সাথে থেকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমরা এমপি মহোদয়কে বলেছি যিনি দলীয় মনোনয়ন পাবেন আমরা তার সাথেই থাকব, তার পক্ষের মাঠে কাজ করব।’

  • [১]