- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংস্কার না হওয়ায় তিন বছর ধরে দুর্ভোগে মানুষ

পুলক রাজ
সুনামগঞ্জ পৌরসভার নতুন হাছননগর মাদ্রাসা পয়েন্টের সড়ক সংস্কার না হওয়ায় তিন বছর ধরে ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। খানাখন্দে বৃষ্টিতে পানি জমে থাকে, ঘটে দুর্ঘটনা। ভাঙাচোরা সড়কের কারণে পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগে পড়তে হয়। এলাকাবাসীর দাবি দ্রুত নতুন হাছন নগর মাদ্রাসা পয়েন্ট সড়ক সংস্কারে যেনো কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেন।
নতুন হাছননগর গুঁজাউরা বাসিন্দা উজ্জ্বল তালুকদার বলেন, প্রায় তিন বছর যাবৎ আমরা এই সড়কটিকে এভাবেই দেখে আসছি। প্রতিদিন শত শত গাড়ি এই সড়ক দিয়ে যাতায়াত করে। সংস্কারের অভাবে আমাদেও ভোগান্তি চরম সীমায়। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছি আমরা। এই অবস্থা থেকে মানুষ এখন মুক্তি চায়। কর্তৃপক্ষের উদাসীনতায় অনেক দিন থেকেই আমাদের নতুন হাছননগর মাদ্রাসা পয়েন্ট রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। মটর সাইকেল নিয়ে গেলে মনে হয় মটর সাইকেলের যন্ত্র ভেঙে যাচ্ছে। সাধারণ নাগরিক ও সাধারণ একজন মানুষ হিসেবে সড়কটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
নতুন হাছননগরের বাসিন্দা শাকিব আহমেদ বলেন, এ সড়কে প্রতিনিয়তো দুর্ঘটনা ঘটে চলছে। প্রতিটি দোকানের সামনের সড়ক ভাঙা এবং বৃষ্টি দিলে পানি জমে থাকে। এলাকা সুন্দর রাখার জন্য দ্রুত পৌর কর্তৃপক্ষ মাদ্রাসা পয়েন্ট সড়কের দিকে নজর দেওয়া জরুরী।
অটোরিকশা ড্রাইভার কবির মিয়া বলেন, আমার বাড়ি বুড়িস্থল এলাকায়। আমাকে এই সড়ক দিয়ে অটোরিকশা নিয়ে শহরের দিকে যেতে হয়। কিছু দিন আগে বৃষ্টির মধ্যে যাত্রীদের নিয়ে মধ্য শহরের দিকে যাচ্ছিলাম, নতুন হাছননগর মাদ্র্রাসা পয়েন্ট সড়কে পানি জমা ভাঙা সড়কের গর্তে চাকা আটকে, খুলে গিয়েছিল, তখন যাত্রীরা ভয় পেয়ে চিৎকার শুরু করে। দ্রুত সড়ক ঠিক হলে, হাজার হাজার মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।
সুনামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফজর নূর বলেন, তিন বছর ধরে তিন নম্বর ওয়ার্ডের নতুন হাছননগর মাদ্রাসা পয়েন্ট সড়কটি বেহাল দশায় রয়েছে। এই সড়ক মেরামতের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরের। পৌরসভা থেকে অপেক্ষা করছি অনেক দিন ধরে। কিন্তু সড়ক ও জনপথের কোন খবর নেই, তারা বললো সড়কের কাজ করবে, কিন্তু করে নাই। জনগণ এই সড়কে চলাচল করতে সমস্যা হয়, জনগণের কষ্টের দিকে চেয়ে পৌরসভার মেয়র মহোদয়কে বলে সড়ক উন্নয়নের টেন্ডার করিয়েছি। সবার সহযোগীতায় আগামী এক মাসের মধ্যে মাদ্রাসা পয়েন্ট সড়কের কাজ শুরু হয়ে যাবে। এলাকার মানুষের কাছে অনুরোধ করছি, আরো কিছুদিন অপেক্ষা করতে।

  • [১]