- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংস্কৃতি অঙ্গনে আলোচিত ১৬

সজীব দে
প্রতি বছর জন্ম দেয় নতুন ঘটনা। এবার একুশে পদক পেয়েছেন লোকসংগীত শিল্পী সুষমা দাশ। ক্ষুদে শিল্পীরা জেলাবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন বারবার। সংগীত শিল্পী অন্বেষণ প্রতিযোগিতা চ্যানেল আই সেরা কন্ঠে শীর্ষ তিনে আছেন রাকিবা ইসলাম ঐশি। সংগীতশিল্পী অন্বেষণে রিয়েলিটি শো ‘ফিজ আপ-চ্যানেল আই সেরা কণ্ঠে দেশ থেকে ৫৬ হাজার প্রতিযোগীর অংশ নেন। তাদের মধ্যে সেরা ৬৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় গ্র্যান্ড অডিশন। সেখানে শীর্ষ তিনে আছেন হাওর কন্যা রাকিবা ইসলাম ঐশি। নতুন বছরে জানুয়ারি মাসে ফাইনাল অনুষ্ঠিত হবে।
লোকসংগীতে সমৃদ্ধ সংস্কৃতির এক অনন্য স্থান সুনামগঞ্জ। চার লোক কবির উৎসবে সুনামগঞ্জকে সাংস্কৃতিক রাজধানী করার দাবি উঠে। সংস্কৃতি অঙ্গনের কিছু সফলতার ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই কিস্তির সালতামামি।
ধামাইল উৎসব
জানুয়ারি ২১, ২০১৭
নিজস্ব সংস্কৃতির বিকাশ এবং বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সৃষ্টিকে সবার কাছে পৌঁছে দিতেই দুই দিনব্যাপি রাধারমণ উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে ধামাইল উৎসবে অংশগ্রহণ করেছেন সংস্কৃতানুরাগীরা। ছিল বিভিন্ন উপজেলার শিল্পীদের পরিবেশনা।  
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাখি’র কৃতিত্ব
জানুয়ারি ৩১, ২০১৭
জাতীয় পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে ৩য় স্থান অর্জন করে মৃন্ময়ী রায় পাখি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুাষ্ঠানে মৃন্ময়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাখি শহরের কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
‘একুশে পদক’ পেলেন সুষমা দাশ
ফেব্রুয়ারি ১৩, ২০১৭
লোকসংগীতে ‘একুশে পদক’ এর জন্য মনোনীত হন পন্ডিত রামকানাই দাশের বড় বোন প্রখ্যাত লোকসংগীত শিল্পী সুষমা দাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি সুষমা দাশের হাতে একুশে পদক     
তুলে দেন। ২০০১ সালে লোকসংগীতে একুশে পদক পান বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও ২০১৪ সালে একই উপজেলার পেরুয়া গ্রামের বাসিন্দা সুষমা দাশের ছোট ভাই পন্ডিত রামকানাই দাশ।
সুষমা দাশ রাধারমণ দত্তের গান, বাউল শাহ্ আবদুল করিমের গান, কালাশাহ্, দুর্বিন শাহ্, গীতিকবি গিয়াস উদ্দিন আহমদ, হাসন রাজাসহ বহু মরমী কবি ও সাধকের গান করেন।
বাউল গানের আসর
মার্চ ২৩, ২০১৭
শাল্লা উপজেলার গোবিন্দপুর ও কামারগাঁও গ্রামের মধ্যবর্ত্তী স্থানে খোলা মাঠে রাতভর অনুষ্ঠিত হয় বাউল গানের আসর। গ্রামবাসীর আয়োজনে বাউল শিল্পী আব্দুর রহমানের শিষ্য রুবেল সরকার, কিশোরগঞ্জের বাউল শিল্পী আক্কাছ দেওয়ানের শিষ্য রোজিনা দেওয়ান, এসডি সুম্মি, লিটন সরকার, পান্না সরকার, মোকাজ্জল সরকারসহ বাউল শিল্পীরা ভক্তিমূলক, বাউল আব্দুল করিম ও ভান্ডারি গানের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের বাউল শিল্পীদের গান গেয়ে আসর মাতিয়ে রাখেন।         
মহাকবি সঞ্জয় স্মারকস্তম্ভ
মে ১৩, ২০১৭
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মহাভারতের প্রথম বাংলা অনুবাদক মহাকবি সঞ্জয়ের স্মারকস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নকশা করেন স্থাপত্য প্রতিষ্ঠান ‘ক্ষেত্র স্থপতি’। গবেষকদের মতে মহাকবি সঞ্জয় ছিলেন সুনামগঞ্জের অধিবাসী। তাহিরপুর উপজেলার লাউড় এলাকা ছিল তাঁর জন্মস্থান। এখনও সেখানে রয়েছে প্রাচীন নিদর্শন। প্রাকৃতিক পরিবর্তনের ফলে সেইসব ঐতিহাসিক নিদর্শন লুপ্তপ্রায়।
জাতীয় শিশু পুরস্কার
প্রতিযোগিতায় চার শিক্ষার্থীর সাফল্য
মে ১৫, ২০১৭
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী শেখ তাবাচ্ছুম, উচ্চলাফে প্রথম হয়ে  স্বর্ণপদক পায় সদর উপজেলার ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জাকিয়া নুপুর, ২য় স্থান অধিকার করে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সজল মিয়া । সাঁতারে ৩য় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে শহরতলীর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মাহিম মিয়া। ১৯ মে শিশুদের হাতে পদক ও পুরস্কার তোলে দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
বিতর্ক উৎসব  
মে ২৬, ২০১৭
জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে শিশু বিতর্ক, সনাতনী ও বারোয়ারী বিতর্ক, সংসদীয় বিতর্ক, কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী বিতর্ক উৎসব।
রাধারমণ ও করিম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ
জুলাই ৪, ২০১৭
বৈষ্ণব কবি রাধারমণ দত্ত এবং বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিমের সৃষ্টি রক্ষায় সাংস্কৃতিক কেন্দ্র কাম লাইব্রেরি নির্মাণের জন্য জমি নির্ধারণের কাজ শেষ হয়। গীতিকবি রাধারমণ দত্ত সাংস্কৃতিক কেন্দ্র কাম লাইব্রেরির জন্য জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের কেশবপুর বাজারের পাশে এবং জগন্নাথপুর ডিগ্রি কলেজের উল্টোদিকের ৬০ শতক জমি বাছাই করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এদিকে ‘দিরাই-সুনামগঞ্জ সড়কের দিরাই পৌরসভার ভেতরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ৬০ শতক জমি শাহ্ আব্দুল করিম সাংস্কৃতিক কেন্দ্র কাম লাইব্রেরির জন্য নির্ধারণ করা হয়।
পারমিতা মুমু ও শ্রুতিকণা
জুলাই ২৯, ২০১৭
দাদু পন্ডিত রামকানাই দাশ, মামা পিনুসেন দাশ, মা যদি হন কাবেরী দাশ, তাহলে কন্যারা কেমন হতে পারে অনুমান করা কঠিন নয়। ১৯৯৭ সালে বাবা নিরঞ্জন দাশ ও মা কাবেরী দাশ ইমিগ্রান্ট হয়ে চলে যান আমেরিকায়। ২০০৫ সালে পন্ডিত রামকানাই দাশ নিউইয়র্কে গিয়ে শ্রুতিকণাকে হাতে খড়ি দেন। এরপর নিউইয়র্ক ষ্টেট স্কুল মিউজিক এসোসিয়েশনে গ্রাজুয়েশন করেন শ্রুতি।
আর পারমিতা মুমু শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ প্রতীম শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তীর স্কুলে প্রশিক্ষণের জন্য স্কলারশিপ পান। ২০০৯ মুমু ম্যানহ্যাটনভিত্তিক সঙ্গীত ইন্সটিটিউট ছন্দায়নের বৃত্তিতে কলকাতায় এক বছরের উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ নিয়ে ফিরেন নিউইয়র্কে। পারমিতা মুমু উচ্চাঙ্গ সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীতে সমান পরদর্শী। এদিকে শ্রুতিকণা হাইস্কুল গ্রাজুয়েশন করে ভর্তি হয়েছে বিশ্ববিখ্যাত ওয়েলেসলি কলেজে।
‘জ্যোতিসংহিতা’
জুলাই ৩০, ২০১৭
সুনামগঞ্জের হাওর এলাকার মুক্তিযুদ্ধ ও এক তরুণ যোদ্ধার বীরত্বগাথা নিয়ে নির্মিত নাটক ‘জ্যোতিসংহিতা’। মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ অঞ্চলে যুদ্ধে অংশ নেওয়া গেরিলা যোদ্ধা জগৎজ্যোতি দাসের জীবন-সংগ্রাম। নাটকে তুলে ধরা হয়েছে পাকিস্তানী শাসক গোষ্ঠীর শোষন-বঞ্চণা আর বৈষম্যের কাহিনী। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের জন্ম হবিগঞ্জ জেলায় হলেও তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র ছিলেন এবং মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ অঞ্চলে যুদ্ধে অংশ নেন। হাওর এলাকায় যুদ্ধ করতে করতেই তিনি দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেন। থিয়েটার সুনামগঞ্জ’র বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘জ্যোতিসংহিতা’ নাটকটি হবিগঞ্জ জেলার জীবন সংকেত নাট্যগোষ্ঠীর ৩৫তম বার মঞ্চায়ন করে।
নাটকে জীবন
আগস্ট ১৯, ২০১৭
জেলার হাওরপাড়ের কৃষক, মৎস্যজীবীদের সংকটের মুহূর্তে ভাসান পানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে জেলা উদীচী মঞ্চস্থ করে নাটক ‘ভাসান পানির কথা’। নাটক মঞ্চায়নের সাথে সাথে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে কৃষিঋণ মওকুফ, হাওরের ফসলহানির ঘটনায় দুর্নীতিবাজদের শাস্তি, রেশন কার্ড চালুর দাবি জানানো হয়। এরপর জেলার বিভিন্ন উপজেলার হাওরপাড়ের হাট-বাজারের ৫টি স্পটে নাটকটি মঞ্চায়ন হয়।
জাতীয় জাদুঘরের শাখা ঐতিহ্য জাদুঘর
আগস্ট ২০, ২০১৭
সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে অনুমোদন করা হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান, সুনামগঞ্জের কৃতী সন্তান ড. মোহাম্মদ সাদিক এর চেষ্টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের ১৭৬তম সভায় এটি অনুমোদিত হয়। সুনামগঞ্জে ঐতিহ্য জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন তিনি।
শিশু সমাবেশ
অক্টোবর ৬, ২০১৭
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর জেলা শাখার শিশু সমাবেশে অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে। সমাবেশে শিশু হত্যা, শিশু নির্যাতন, পাঠ্যবইসহ সর্বস্তরে সাম্প্রদায়িকতা, নিপীড়ণমূলক শিক্ষা, ছুটির দিনে লেখাপড়া, সহিংসতায় শিশুর ব্যবহার, খেলার মাঠ ও শহীদমিনার বিহীন বিদ্যালয়, বাল্যবিবাহ, খাদ্যে ভেজাল, মাদক এবং মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতকরণ কে না বলে শিশুরা। এছাড়াও ছিল শিশুদের ছিল দিনব্যাপি নানা আয়োজন।
‘হাওর পাড়ের গল্প’
অক্টোবর ২৭, ২০১৭
বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাসন রাজা, দুর্ব্বীণ শাহ ও বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের স্মরণে ৪ দিনব্যাপি ‘হাওর পাড়ের গল্প’ উৎসব অনুষ্ঠিত হয়। ছিল সাংস্কৃাতক প্রতিযোগিতা, লোককবিদের সৃষ্টি-কর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবারের ন্যয় বরেণ্য আলোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্বের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় উৎসব অ্ঙ্গন।
‘উড়ন্ত’
অক্টোবর ২, ২০১৭
শিল্পকর্মীদের সংগঠন ‘উড়ন্ত’ গৌরারং জমিদার বাড়ি এবং সুখাইড়ের জমিদার বাড়ির অজানা ইতিহাসের সঙ্গে পুনরায় জনগোষ্ঠীর সম্পর্ক গড়ে তুলতে কাজ করেছে। তাদের আর্টিস্ট কমিউনিটি ২৮ আগস্ট সেইসব জায়গায় গিয়ে হারানো ইতিহাস খোঁজার কাজ করছেন। ৫ ও ৬ অক্টোবর শিল্পীদের কাজ নিয়ে অনুষ্ঠিত হয় প্রদর্শনী। সেখানে ছিল নান্দনিক উপস্থাপনা এবং নতুন ধরনের শিল্পকর্ম।
‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’
ডিসেম্বর ১৭, ২০১৭
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তি সংগ্রামের উপর গীতি আলেখ্য ‘স্বাধীনতা উপত্যাকায় মুক্তির লড়াই’ মঞ্চন্থ হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়েছে গীতি আলেখ্যে। গান, নাটক, কোরিওগ্রাফি, নৃত্য, আবৃত্তির মাধ্যমে জীবন্ত করে তোলা হয় ঐতিহাসিক ঘটনা।

  • [১]