- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংহত হোক আমাদের পরমপ্রিয় স্বাধীনতা

৫০ বছর আগে উনিশ শ’ একাত্তরে, সেই ঐতিহাসিক সকালে যে সূর্যোদয় হয়েছিল বাংলাদেশ ভূখন্ডে, তা ছিল একটি জনগোষ্ঠীর মনে শত শত বছর ধরে একটু একটু করে পরিপূর্ণতা পাওয়া স্বপ্নের রূপমাধুরী মাখা। সেই সূর্য এই জনপদে উদিত হয়েছিল হাজার বছরের বঞ্চনা আর উৎপীড়নের অবসান ঘটানোর পর নতুন করে জাতি ও রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় মহিমাময়। এই ক্ষণটির জন্য এই দেশ এই জাতি কতই না রক্ত ঝরিয়েছে ইতিহাসের বাঁকে বাঁকে। কত নারী পুরুষ যুগে যুগে অগ্নিস্ফূলিঙ্গ হয়ে আবির্ভূত হয়েছেন। ঐতিহাসিক কালতক সেইসব প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম আমাদের বিন্দু বিন্দু করে যে লক্ষপানে অগ্রসর করে নিয়ে যাচ্ছিল তার সফল সমাপ্তি মনে হয়েছিল একাত্তরের ১৬ ডিসেম্বরের সূর্যোদয়ে। এদিন বিশ্বমঞ্চে বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যূদয় ঘটেছিল। সেই সূর্যোদয়ের পর আজ ঠিক অর্ধশতাব্দী অতিক্রম করেছে। সুতরাং আজকের শীতের প্রভাতটি এই দেশের জন্য সবিশেষ তাৎপর্যমন্ডিত। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিজয় অর্জনের ৫০ বছর পেরোনো সাবালক বাংলাদেশ আজ মুখরিত। আজ সজল শ্যামল বাংলাদেশে উৎসবের রঙ দিকে দিকে। লোকভাবনায় স্বাধীন বাংলাদেশ আজ এক মহাসত্য। সেই সত্যকে অনুভব করার এই দিনে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতার বেদীমূলে প্রাণোৎসর্গকারী সকল বীর শহীদানদের।
স্বাধীনতা কোন বিমূর্ত বিষয় নয়। এর একটি অবয়ব রয়েছে। সেটি হল- মানুষের ভাল থাকা, পরিবেশ-প্রতিবেশ-প্রাণীজগৎ সবকিছু মিলিয়ে ভাল থাকা। প্রতিদিন আরেকটু ভাল থাকার দিকে অগ্রসর হওয়া। মানুষ পরাধীনতা থেকে বেরিয়ে আসতে চায় সব ধরণের শৃঙ্খল মুক্তির আশায়। মুক্তি প্রশ্নটি স্বাধীনতার সাথে সবিশেষ সম্পর্কিত। তাই আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলেও গণ্য করি। মুক্তির জন্য দরকার হয় এমন এক আর্থ-রাজনৈতিক ব্যবস্থা যেখানে মানুষে মানুষে শোষণ বঞ্চনার মত কোন পরিবেশ পরিস্থিতি থাকবে না। শোষণ মুক্তির চির অবসানের লক্ষ্যেই বাংলাদেশের সংবিধানে জাতীয় দর্শন হিসাবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মত মহান আদর্শসমূহকে অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীনতার ৫০ বছরে দেশ আজ অনেক এগিয়েছে। বহুমাত্রিক উন্নয়ন ঘটেছে। কিন্তু আমরা যাকে মুক্তি বলি সেই জায়গায় প্রকৃত অর্থে অর্জন কতটুকু সে নিয়ে আক্ষেপ হতাশার পরিমাণ প্রচুর। আজকের অর্ধ শতাব্দী অতিক্রান্ত বিজয়ী বাংলাদেশের সংকটও এই জায়গায়। এ থেকে উত্তরণের জন্য যে ধরণের প্রস্তুতি দরকার সেখানেও ঘাটতি দেখা যাচ্ছে। সুতরাং আজ যেমন আমরা আনন্দিত তেমনি আরও বহু কিছু অর্জনের জন্যও উন্মুখ।
কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি, কিছু আনন্দ কিছু হতাশা, কিছু অগ্রগতি কিছু অবনতি; সবকিছু মিলিয়ে এক অবিমিশ্র অনুভূতি নিয়ে আজ আমরা বিজয়ের অর্ধ শতক অতিক্রম করছি। তবে এই কথা সত্য যে, সবকিছু মিলিয়ে হিসাব করলে আমাদের অর্জনের পাল্লাই বেশি। এই অর্জন কিছুতেই সম্ভব হত না স্বাধীনতার সুবর্ণ বন্দরে পৌঁছাতে না পারলে। তাই স্বাধীনতা আমাদের পরম প্রিয়। আমাদের এই অর্জনকে সামনের দিনে আরও সমৃদ্ধ করতে হবে। সমৃদ্ধ করতে গিয়েই আমাদের যত অপ্রাপ্তি যত হতাশা সবকিছু দূর করার পথ খুঁজে পাওয়া যাবে।
বিজয়ের এই দিনে জাতির প্রতি আমাদের অভিনন্দন।

  • [১]