- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সওজের আড়াইশ’ ফুট ভাঙা সড়ক ছাতক পৌরবাসীর দুঃখ

বিজয় রায়, ছাতক
ছাতক পৌর শহরের প্রায় দু’ থেকে আড়াই শ’ ফুট ভাঙ্গা সড়ক পৌরবাসীর জন্য দুঃখের কারণ হয়ে দাঁিড়য়েছে। দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের প্রধান সড়কের এ অংশটুকু পড়ে আছে ভাঙ্গা-চুড়া অবস্থায়। বর্তমানে সড়কের এ অংশটুকু  মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে চলছে যানবাহন। শহরের কাষ্টম এলাকা থেকে ডাক বাংলা জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় দু’ থেকে আড়াই শ’ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সড়কের এ অংশটুকুতে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্ত। বর্তমানে এসব গর্তে বৃষ্টির পানি জমে ভয়াবহ রূপ ধারণ করেছে। গুরুত্বপূর্ণ এ সড়ক মেরামত করার যেন এখানে কেউ নেই। পৌর শহরের অভ্যন্তরে হলেও এ সড়কটি মুলত সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের কেউ সড়ক সংস্কারে উদ্যোগী হচ্ছে না।  
প্রতিদিন শহরের বৌলা, তাঁতীকোণা, মোগলপাড়া, চরেরবন্দ, মন্ডলীভোগসহ কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ এ সড়ক দিয়েই যাতায়াত করে থাকে। এ ছাড়া পোস্ট অফিস, ছাতক থানা ও হাসপাতালে যাওয়া-আসা করার একমাত্র সড়ক এটি। এমপি মুহিবুর রহমান মানিক ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের বাসভবনে যাওয়ার জন্য এ সড়কটিই ব্যবহার করতে হয়। এসব এলাকার মানুষ ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ও ছাতক ডিগ্রী কলেজে পুড়–য়া শিক্ষার্থীরা যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় শীর্ষ দু’জনপ্রতিনিধি প্রতিদিনই এ ভাঙ্গা সড়ক দিয়ে যাতায়াত করলেও সড়ক সংস্কারের ব্যাপারে তারা নির্বিকার। দামি গাড়িতে করে এমপি ও উপজেলা চেয়ারম্যান যাতায়াত করেন বলে তারা সড়কের ভাঙ্গা অংশ অনুভব করতে পারছেন না- এমন মন্তব্যই করছেন ভুক্তভোগী মানুষজন। প্রধান সড়কের এ অংশটুকু দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় শহরবাসীর মধ্যে চাপা ক্ষোভও বিরাজ করছে।
১০ বছর পূর্বে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের মেরামত কাজ চারটি ধাপে শেষ করার কথা ছিল। এর মধ্যে তিনটি ধাপে কাষ্টম এলাকা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে ক’ বছর আগে। শুধুমাত্র এ অংশটুকু পড়ে আছে মেরামতের অপেক্ষায়। ট্রাফিক পয়েন্ট থেকে প্রায় দেড়ফুট উচ্চতায় সড়ক সংস্কার হওয়ায় ভাঙ্গা এ অংশটুকু পূর্বে তুলনায় অনেকটা নিচু হয়ে পড়ে। এর উপর খানা-খন্দে ভরপুর এ নিচু অংশটুকু বর্তমানে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।
ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী জানান, পৌরবাসীকে বুঝতে হবে যে, পৌরসভার অভ্যন্তরে হলেও সড়কটি মুলত পৌরসভার নয়। ইচ্ছে করলেও পৌরকর্তৃপক্ষ এ অংশটুকু মেরামত করতে পারবে না। তবে শহরবাসীর যাতায়াতের সুবিধার জন্য একাধিকবার ভাঙ্গা অংশে ডাষ্ট ফেলা হয়েছে। এদিকে সড়কটির মেরামতের জন্য সওজ’র কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেয়া হচ্ছে।
ভাঙ্গা এ অংশটুকু সংস্কারের ব্যাপারে সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব আহমদ জানান, ছাতক-দোয়রাবাজার সড়ক ও ডাকবাংলা সংলগ্ন প্রায় আড়াই শ’ ফুট সড়ক মেরামতের জন্য প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে প্রেরন করা হয়েছে। মন্ত্রনালয় থেকে অনুমোদন হয়ে আসলেই কাজের টেন্ডার আহবান করা হবে। তবে বর্তমানে চলাচলে সুবিধার জন্য দু’একদিনের মধ্যে ড্রেন করে পানি নিস্কাষনের ব্যবস্থা করা হচ্ছে। পরে সংস্কার কাজের পূর্ব পর্যন্ত চলাচলের উপযোগি করার ক্ষেত্রে খানা-খন্দ ডাস্ট দিয়ে ভরাট করা হবে।

  • [১]