সিলেট বিভাগে চলতি বছর তৃতীয় দফায় বন্যায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসায় হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা ও বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ প্রদান এবং বন্যা সমস্যার সমাধানে জাতীয় স্বার্থে দেশের সকল নদ-নদী, খাল-বিল পরিকল্পিতভাবে খনন করার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
বুধবার সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের এক যৌথসভা থেকে এই দাবি জানানো হয়। সিলেট নগরী মহাজনপট্টিস্থ এনডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনডিএফ সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাড. কুমার চন্দ্র রায়। সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
সভায় বক্তব্য রাখেন, এনডিএফ মৌলভীবাজার জেলা সভাপতি শহীদ সাগ্নিক, সুনামগঞ্জ জেলা সভাপতি বাদল সরকার, সিলেট জেলার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
সভায় বক্তারা
গত এপ্রিলে পাহাড়ী ঢলে হাওর অঞ্চলে সৃষ্ট বন্যার প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি