ধর্মপাশা প্রতিনিধি
কর্ম দিবসের শুরুতেই সরকারি প্রতিষ্ঠানের নির্ধারিত স্থানে জাতীয় পতাকা উত্তোলনের কথা থাকলেও ধর্মপাশায় রবিবার দুপুর দুইটা পর্যন্ত ধর্মপাশা উপজেলা পরিষদের পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয় নি। ফলে বিভিন্ন কাজে উপজেলা পরিষদে আসা নানান শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন কর্তব্যে অবহেলার কারণে এমনটি হয়েছে। পরে বিকেল সোয়া চারটার দিকে পতাকা উত্তোলন করা হয়।
রবিবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলনের নির্ধারিত স্থানে খুঁটিতে শুধু রশি টানানো রয়েছে এবং জাতীয় পতাকা নেই। পরে বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীসহ লোকজনদের মধ্যে জানাজানি হলে এ নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হয়। সরকারি দপ্তরের সামনে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এ ধরনের কর্তব্য কাজে অবহেলাকারী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি আনন্দ মোহন তালুকদার জানান, তাঁদের অফিসের লোকজন জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকেল সোয়া চারটার দিকে পতাকা উত্তোলন করা হয়েছে বলে জানান তিনি।
এ ধরনের কর্তব্যে অবহেলার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। এদিকে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।