- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সঞ্চালকের উপর ক্ষুব্ধ হলেন পৌর মেয়র

মাহবুবুল হাসান শাহীন
দেশজুড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জেলা আওয়ামীলীগসহ ১৪ দলের ডাকা আয়োজিত প্রতিরোধ ও প্রতিবাদ কর্মসূচিতে মাইকে নাম ঘোষণা দেয়াকে কেন্দ্র করে মঞ্চে উত্তেজনা দেখা দেয়। সোমবার বিকালে শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে পৌর আওয়ামী লীগের ব্যানারে আয়ুব বখ্ত জগলুলের নেতৃত্বে একটি মিছিল সমাবেশস্থলে পৌঁছালে সভার সঞ্চালক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল মাইকে প্রথমে ঘোষণা দেন অ্যাড. নজরুল ইসলাম শেফুর নেতৃত্বে সমাবেশ স্থলের দিকে একটি মিছিল আসছে, শেষে আবার বলেন, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুলের নেতৃত্বে মিছিল আসছে। এমন সঞ্চালনায় ক্ষুব্ধ হন পৌর মেয়র। তিনি নূরে আলম সিদ্দিকীকে ধমক দেন।
মঞ্চে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।
মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা জানান, পৌর মেয়র আয়ুব বখত জগলুল উত্তেজিত হয়ে অ্যাড. নূরে আলম সিদ্দিকিকে উদ্দেশ্য করে বলেন ‘আমার নাম ও পৌর আওয়ামী লীগের নাম মাইকে বলতে সমস্যা কী।’ অবশ্য অ্যাড. উজ্জ্বল এসময় বলেন,‘ আমি আপনার ও পৌর আওয়ামী লীগের কথা মাইকে পর পর তিন বার বলেছি। বলিনি এটা সঠিক নয়’।
এক পর্যায়ে পৌর মেয়র আয়ুব বখত জগলুল কিছুটা শান্ত হন এবং কিছুক্ষণ পর তিনি মঞ্চে থেকে নেমে এসে সামনের চেয়ারে বসেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সমাপনী বক্তব্যে বলেন,‘আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করে জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই।’

  • [১]