সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাজেটে ঘাটতির বিষয়টি ভবিষ্যতের ব্যাপার। সঠিক পরিকল্পনায় বাজেট ঘাটতি সমাধান করা হবে। তারপরও কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে। আমি বলব গত কয়েক বছরে আমাদের সরকারের কার্যক্রম লক্ষ্য করলেই বোঝা যায় আমাদের সক্ষমতা আছে। শুক্রবার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্বাবিত বাজেট পরবর্তী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
এসময় প্রস্তাবিত বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় রাজস্ব র্বোড (এনবিআর) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম এ মান্নান বলেন, বাজেট ঘাটতির বিষয় নতুন কিছু নয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাজেটে ঘাটতি হবেই। বাজেটে ঘাটতির বিষয়টি ভবিষ্যতের ব্যাপার। সঠিক পরিকল্পনায় বাজেট ঘাটতি সমাধান করা হবে। তারপরও কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে। আমি বলব গত কয়েক বছরে আমাদের সরকারের কার্যক্রম লক্ষ্য করলেই বোঝা যায় আমাদের সক্ষমতা আছে।
তিনি বলেন, গত কয়েক বছরে আমরা সফলতার সঙ্গে বাজেট দিয়েছি এবং বাধা-বিপত্তি মোকাবিলা করেছি। আমাদের এমন কোনো ভয়ের বিষয় নেই যে, আমরা বাজেট দিয়ে বাস্তবায়ন করতে পারব না। আত্মবিশ্বাস নিয়ে বাজেট দিয়েছি।
মন্ত্রী বলেন, অর্থের যোগান দিতেও কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমাদের ঋণ পরিশোধ করার ভালো রেকর্ড আছে। আমরা সময়মতো ঋণের টাকা পরিশোধ করে যাচ্ছি। সার্বিকভাবে ইতিবাচক দেখি বলেই উন্নয়নের সব সূচক ধরে রাখতে পেরেছি। জিডিপি, মাথাপিছু আয়সহ সবকিছু ভালো অবস্থানে রয়েছে। সুতরাং আমি কোনভাবেই ভয় পাচ্ছি না।
ধারের (ঋণ) বাজার এখন ভালো। সবাই আমাদের ধার দিতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমরা বিদেশিদের কাছে ধার নিলেও নিয়মিতভাবে পরিশোধ করছি। ঋণ পরিশোধের রেকর্ডও আমাদের ভালো। আমরা ধার নিয়ে খেয়ে ফেলি না দেশের জন্য কাজে লাগাই।