- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়কের কাজ দ্রুত করার দাবিতে তাহিরপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টেন্ডার হওয়া সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করেন এলাকাবাসী।
তাহিরপুর এলজিইডি অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর থানা ব্রিজ থেকে তাহিরপুর—সুনামগঞ্জ সড়কের সংযোগ সড়ক নির্মাণে আইআরআইডিপি—৩ প্রকল্পে ২০২১—২০২২ অর্থ বছরে কাজ পায় বিশ^ম্ভরপুর উপজেলার মেসার্স জাহান এন্টারপ্রাইজ। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পাওয়ার এক বছর পেরিয়ে গেলেও এখনও কাজ সমাপ্ত করতে পারেনি।
প্রকল্প কাজের কারিগরি কর্মকর্তা সাজু মিয়া বলেন, সংযোগ সড়কের দক্ষিণ অংশের কাজ মোটামুটি হয়েছে। উত্তরাংশের কাজে তাহিরপুর থানা সড়কের উপর সম্প্রতি বাউন্ডারি দেয়ালের কাজ করাচ্ছে। এতে করে নির্মাণ কাজে নতুন করে বিঘ্নতার সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর—সুনামগঞ্জ সড়ক থেকে থানার পাশ দিয়ে নদীর পাড় পর্যন্ত সড়ক স্বাধীনতা সংগ্রামের অনেক পূর্বে থেকেই ছিল। বর্তমানে সড়কটি উভয় পাশে বসবাসকারী তাহিরপুর থানা ও মধ্য তাহিরপুর (খলাহাটি) গ্রামবাসীর দখলে রয়েছে। অনতিবিলম্বে মাপযোগ করে সড়ক পুনরুদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের নিকট দাবি জানান বক্তারা।
মানববন্ধনে তাহিরপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম বলেন, জনগণের চলাচলের সড়ক উপযোগী করে দিবে প্রশাসন। এখন থানা প্রশাসনই যদি জনচলাচলের সড়ক দখল করে দেয়াল নির্মাণ করে তাহলে জনগণ বিচার প্রার্থী হবে কোথায়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, তাহিরপুর থানা পুলিশের সাথে আলোচনা করে তাহিরপুর থানা ব্রিজ থেকে তাহিরপুর—সুনামগঞ্জ সড়কের স্থান নির্ধারণ করা হবে।

  • [১]