- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সততার পুরস্কার পেলেন রিক্সাচালক আমজদ আলী

স্টাফ রিপোর্টার
রিক্সাচালক আমজদ আলীকে সততার পুরস্কার হিসেবে কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নতুন একটি রিক্সা প্রদান করেছেন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে এই রিক্সা তার হাতে তুলে দেয়া হয়।
গণমাধ্যমে প্রকাশিত আমজদ আলীর সততার সংবাদ দেখে মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাড. বজুলর মজিদ চৌধুরী খসরু জেলা প্রশাসক শেখ রফিবুল ইসলামকে রিক্সাচালককে সহায়তা করার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কারুজ্জামান, ডেপুটি রেভিনিউ কালেক্টর সোহেল রানা, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক ্যাাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড.সালেহ আহমদ প্রমুখ।
নতুন রিক্সা পেয়ে আমজদ আলী তার প্রতিক্রিয়ায় বলেন,‘আমি এভাবে সারা জীবন সৎভাবে জীবন যাপন করতে চাই। মানুষের টাকার প্রতি যেন আমার লোভ না যায় সে জন্য সবার কাছে দোয়া চাই। আমি সৎপথে রোজাগারের টাকা দিয়েই চলতে চাই, কারো দয়ায় নয়। ডিসি সাহেব আমাকে উপহার হিসেবে এই রিক্সা দিয়েছেন, এটা আমি গ্রহণ করলাম। ’
উল্লেখ্য, রিক্সাচালক আমজদ আলী গত কয়েক মাস  আগে তার রিক্সায় পরে থাকা পঞ্চাশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকার চেক পান। পরে সেই চেক গ্রাহককে খোঁজে বের করে ফিরিয়ে দেন। ওই চেক ফিরিয়ে দেয়ার কিছু দিন পর আবার পনের হাজার পাঁচশত পঞ্চাশ টাকা, একটি স্বাক্ষর করা ব্লাঙ্ক চেক, জমির কিছু গুরুত্বপূর্ণ কাগজ মোবাইল ফোনের সিম পান তিনি।  তিনি নগদ টাকা ও এসব জিনিস শহরে মাইকিং করিয়ে সঠিক মালিকের কাছে পৌঁছে দেন। রিক্সাচালকের এই সততা দেখে মুগ্ধ হন জেলা প্রশাসক।
উল্লেখ্য, রিক্সাচালক আমজদ আলী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি এলাকার দুধ গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত সদর আলী। আমজদ আলী বর্তমানে শহরের আলী পাড়ায় ১ মেয়ে ও দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করছেন।

  • [১]