সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ – এর ৭৫ বৎসর উদযাপন উৎসবকে সামনে রেখে বিদ্যালয়ের সূচনালগ্নে শিক্ষকতায় নিয়োজিত নিবেদিত প্রাণ মহিয়সী নারী, “আমাদের অহংকার” প্রতিপাদ্যে আজকের প্রয়াস।
সুনামগঞ্জের নারী শিক্ষায় অগ্রগণ্য ভূমিকায় অবতীর্ণ অন্যতম নারী যিনি নিবেদিত প্রাণ শিক্ষিকা হিসেবে সুদীর্ঘ সময় সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার কাজে অতিবাহিত করেছেন। তিনি নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন দেশভাগ, মহান স্বাধীনতা এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের অবকাঠামোগত নতজানু আর্থ-সামাজিক নানা চিত্র। সামাজিক অচলায়তন ভেদ করে নারী হিসেবে বেরিয়ে এসে একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভে যেমন ছিলেন সচেষ্ট তেমনি সমসাময়িক প্রজন্মকে স্বীয় আলোকবর্তিকার আলোতে আলোকিত করার প্রয়াসেও ছিলেন ব্রতী।
এই মহীয়সী রমনীর নাম প্রয়াত কিরণ বালা দেব। ১৯৪৭-এর দেশভাগের পূর্বে প্রবেশিকা পাশ করে নিজ জন্মস্থান হবিগঞ্জের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
বাবা প্রয়াত কেদার নাথ দেব ছিলেন পেশায় আইনজীবী। তখনকার সময়ে একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে সমাজে তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন । ১৯৪৩ সালে সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী যামিনী কান্ত দেব-এর সাথে শুভ পরিণয় ঘটে। নববধূ কিরণ বালা দেব শশুর বাড়িতে পদার্পনের প্রায় সাথে সাথেই সদ্য গড়ে ওঠা সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ইত্যবসরে তিনি নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও চুড়ান্ত পর্যায়ে নিতে প্রয়াসী হন এবং প্রাইভেটে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে পদোন্নতি লাভে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে ১৯৭০ সালে অবসর গ্রহণ করেন।
পেশাগত অবস্থান থেকে অবসর গ্রহণেই তাঁর পথচলা থেমে থাকেনি। নিরলস পথ পরিক্রমণে সুনামগঞ্জে বাংলাদেশ মহিলা
পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রীর দায়িত্ব পালনে সচেষ্ট হন।
তিনি সুনামগঞ্জ মহিলা সমিতিরও আজীবন সদস্য হিসেবে নির্যাতনের শিকার অসহায় নারী ও শিশুর অধিকার আদায়ে সক্রিয় আন্দোলনের মাধ্যমে জনমত তৈরিতে সচেষ্ট ছিলেন। “নারীর অধিকার মানবাধিকার” শ্লোগানকে মনেপ্রাণে বিশ্বাস করতেন এবং নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতেন। পৌরসভা পরিচালিত আদর্শ শিশু শিক্ষা নিকেতনেও প্রতিষ্টাষ্ঠালগ্নে অবৈতনিক প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
এতসব দায়িত্বের পাশাপাশি সংসারেও নিজ দায়িত্ব ও কর্তব্যে সামান্যতম ঘাটতি ছিল না। নিজহাতে রান্না করতেন এবং সুস্বাদু খাবার রান্নায় তাঁর হাত পাকা ছিল। উলের পোষাক ও কাপড়ের পোষাক তৈরিতেও দক্ষহস্ত ছিলেন।
অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র, সদাচারী প্রয়াত কিরণ বালা দেব ব্যক্তিগতভাবে সাদাসিধা জীবন যাপনে অভ্যস্ত থেকে স্ব-কিরণে প্রজন্মের পর প্রজন্মকে কিরণময় করে সুনামগঞ্জে নারী শিক্ষায় নিজের অবদানকে সক্রিয়তার সাথে সংযোজিত করেছেন। এই মহাত্মন নারীর তিন পুত্র সন্তান দেশ-বিদেশে অবস্থান করছেন। মধ্যম পুত্র কথা সাহিত্যিক ও সুলেখক পেশায় আইনজীবী শ্রী স্বপন কুমার দেব তাঁর সুযোগ্য উত্তরসুরী, বর্তমানে সুনামগঞ্জবাসী সর্বজন শ্রদ্ধেয় একজন বরেণ্য ব্যক্তিত্ব।
২০০০ খ্রীষ্টাব্দের ১৩ই ডিসেম্বর ৮৫ বৎসর বয়সে সুনামগঞ্জের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এই মহতী নারীর প্রতি সশ্রদ্ধ চিত্তে জানাই বিনম্র অভিবাদন।