- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূতি আমাদের অহংকার (৩)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
সতীশের সূচনাকালে বিদ্যালয়টির বিপরীতে দক্ষিণ-পূর্ব প্রান্তে মূল রাস্তার চৌমাথা সংলগ্ন বিরাট বাড়িটির মালিক যাঁর সম্পর্কে সকলেরই জানা ছিল তাঁর ভূ-সম্পত্তির প্রতি অনুরাগের কথা। শহরের এই বাসাটি ছাড়াও নিজ গ্রামেও বিশাল ভূমির মালিক ছিলেন তিনি। পেশায় আইনজীবী হিসেবে সুপরিচিত ভদ্রলোক হাতে টাকা আসলেই নাকি জমি কিনতেন। জমি অনুরাগী প্রয়াত যামিনী কুমার শ্যাম ও প্রয়াত অমীয় বালা শ্যামের পাঁচ সন্তানের একমাত্র কন্যাসন্তান সবিতা শ্যাম দেবী যাঁর জন্ম ০৫.০২.১৯৪০ খ্রি.।  তাঁকে নিয়েই ‘আমাদের অহংকার’ এর আজকের আয়োজন।
শ্রদ্ধেয় প্রয়াত সবিতা শ্যাম ১৯৫৬ খ্রীস্টাব্দে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং সুনামগঞ্জ মহাবিদ্যালয় থেকে এইচএসসি ও স্নাতক পাশ করেন যথাক্রমে ১৯৫৮ ও ১৯৬২ খ্রীস্টাব্দে। চাকুরিরত অবস্থায় কুমিল্লা কেন্দ্র থেকে দূরশিক্ষণে বিএড প্রশিক্ষণ গ্রহণ করেন।
সতীশের ছাত্রী সবিতা শ্যামের পেশার শুরু ১৯৬৬ খ্রীস্টাব্দে।  এই বিদ্যালয়েই সহকারী শিক্ষিকার পদে যোগদানের  
মাধ্যমে। নিবিড় সখ্যতায় জড়ানো প্রিয় বিদ্যালয়টিতে তিনি আমৃত্যু  শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।  ছাত্রীদের কাছে দেবীদি নামেই তাঁর ব্যাপক পরিচিতি। তাঁর আসল নাম খুব কম জনেরই জানা, এতে সন্দেহ নেই। জীবন-জীবিকার তাগিদ নয় বরং নিতান্তই শখের বশে তিনি শিক্ষকতা করতেন।
১৯৭৪ খ্রীস্টাব্দে সিলেটের আখালিয়ার হালদার পাড়া নিবাসী সুপ্রভাস রায় মজুমদারের সাথে শুভ পরিণয় ঘটে। স্বামীরও ছিল অঢেল ভূ-সম্পদ। প্রয়াত এই দম্পতির একমাত্র সন্তান শুভময় রায় মজুমদার শুভ্র যুক্তরাজ্য প্রবাসী, সফল ব্যবসায়ী।
এত বিপুল বৈভবের অধিকারী বাবা ও স্বামীর কন্যা ও স্ত্রী হওয়া সত্বেও শিক্ষিকা সবিতা শ্যামের কোন অহংকার ছিল না।
তিনি ছিলেন ধীর-স্থির শান্ত-শিষ্ট প্রকৃতির অমায়িক ও প্রবল ব্যক্তিত্বসম্পন্ন নারী। বিদ্যা ও বিনয়ের সমন্বিত রূপ একজন আদর্শ শিক্ষিকা। স্বল্পভাষী  সবিতা শ্যামের সবিশেষ বৈশিষ্ট্য তাঁর একান্তই ব্যক্তিগত হলেও শিক্ষিকার খ্যাতিতে এর তাৎপর্য অনস্বীকার্য। তিনি বাংলা বিষয়ে পাঠদান করতেন। হাসি-খুশিতে ভরা চেহারাটা পঠন-পাঠনে বিশেষ ভূমিকা রাখত
এমন কথা তাঁর ছাত্রীরা সমস্বরে বলে থাকেন। নানান রকম সূচিকর্ম, বই পড়া,রান্নাকরা, পিঠা-পায়েস তৈরি করা, নিজে পরিবেশন করে অন্যকে খাওয়ানো ইত্যাদিতে ছিল তাঁর আত্মতৃপ্তি। পরোপকারও তাঁর স্বভাবের অন্যতম দিক। গরীব দুঃখীদের কষ্ট মোচনে কখনও কাপড় দিয়ে কখনোবা আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দিতেন। আত্মীয়,স্বজন ও পাড়া-পড়শিদের সাথে ছিল আন্তরিক সুসম্পর্ক।  ১৯৯৬ খ্রীস্টাব্দের ২৯শে মার্চ সুনামগঞ্জের জগন্নাথ দেবের মন্দিরে পূজাশেষে ভোগপ্রসাদ বিতরণ করে শতাধিক লোক নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। রাতে বাসায় ফিরেও দায়িত্ব-কর্তব্য শেষ করে সেই যে শুয়েছিলেন সেই শুয়াই ছিল তাঁর জীবনের শেষ শুয়া। পরদিন সকালে শহরে খবরটি ছড়িয়ে পড়লে বাড়িময় লোকজনে পরিপূর্ণ হয়ে উঠলো। বালিশের ডানপাশে গল্পের বইয়ের উপরে রাখা চশমাটি সেখানেই ছিল। ছিলনা কেবল চিরদিনের মত ঘুমিয়ে থাকা প্রিয় শিক্ষিকা শ্রদ্ধেয় সবিতা শ্যাম দেবীদির হৃৎস্পন্দন। ৩০শে মার্চ ১৯৯৬,  সূর্যোদয়ের কিছুক্ষণ পরই তাঁর জীবন প্রদীপ চিরদিনের মত নিভে যায়। ঘরভর্তি স্বজনের আহাজারি আর কান্নার শব্দে ভারী হয়ে উঠে চারপাশের বহমান বাতাস। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে প্রিয় শিক্ষকা প্রয়াত সবিতা শ্যামের স্মৃতির প্রতি জানাই গভীরতম শ্রদ্ধাঞ্জলি।র্

  • [১]