সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
আজকের সহোদরাদের বাবা প্রয়াত কিশোরী মোহন দে ও মা সুহাসিনী দে’র পাঁচ সন্তানের তিন কন্যাই সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পর্যন্ত পাঠ গ্রহণ করেছেন। এবার এই কন্যাদের স্বাতন্ত্র নিয়ে আলোকপাত করা যাক :-
(১) আরতি দে :- মেট্রিকুলেশন ১৯৬৪ এবং সি.ইন-এড. ১৯৬৯। ম্যাট্রিকুলেশনের আগেই গৃহশিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু হয় সংসারের আর্থিক অস্বচ্ছলতর জন্য, বাবার শারীরিক অসুস্থতাই এর মূল কারণ। পরিবারে বাবা-মায়ের বড় সন্তান কিশোরী আরতি দে এক বিশাল সংকটের মোকাবেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সফলতার সাথে মাতা উঁচু করে সমাজে স্বনামে নিজের পরিচিতির এক বিরল উপমা হিসেবে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক পেশা শুরু শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সহকারী শিক্ষিকা পদে যোগদান ১৯৬৭। প্রায় পঁয়ত্রিশ বৎসর নিরবিচ্ছিন্নভাবে শিক্ষকতা করে ২০০১-এ অবসর গ্রহণ করেন।
সহায় সম্পত্তি হিসেবে ভূমির কদর থাকলেও তখন অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে চাষাবাদে সম্পৃক্ত হবার মতো নাবালক পুত্ররা ভূমিকা পালনে সক্ষম ছিলেন না। এহেন পরিবেশ পরিস্থিতির মোকাবিলার গুরুদায়িত্বকে বোঝা মনে না করে দায়িত্ব ও কর্তব্য হিসেবেই গ্রহণ করে বাবা-মাসহ পরিবারের দেখভাল ও ছোই ভাইবোনদের শিক্ষিত করার ব্রতে ব্রতী হয়ে তৎপরতা চললো। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় দুই ভাই আজ দুই মহিরুহ এবং দুই বোনও সমাজে নিজেদের ভূমিকাকে উজ্জ্বল আসনে অলংকৃত করে হেঁটে চলেছেন। জীবদ্দশায় তিনি ‘বড়দি’ ডাকে আত্মীয়-স্বজনদের অতি প্রিয় ছিলেন। ত্যাগের মহিমায় মহিমান্বিত এই গুণী শিক্ষিকার গুণের সীমা ছিল না। সদাচারী, নিয়মানুবর্তী,পরোপকারী, নির্লোভ, নিবেদিতপ্রাণ সমাজসেবী হিসেবেও খ্যাতির শিখরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। নিরহংকারী এই মহতী ব্যক্তিত্ব আত্মীয়-পরিজনদের সুখে-দুঃখে ঝাপিয়ে পড়ে আনন্দ – কষ্টের ভাগিদার হয়ে দায়িত্ব ও কর্তব্যে অটল থেকে নিজের অবস্থানে অবিচল ছিলেন। করো মৃত্যু সংবাদে সাথে সাথে ছুটে গিয়ে লাশের সৎকারে প্রয়োজনীয় ব্যবস্থায় সচেষ্টতার পাশাপাশি সেই বাড়ির মেঝে মুছা থেকে এঁটো বাসন ঘষেমেজে ধোয়ার কাজ নিজ হাতে করার পর শ্রাদ্ধ পর্যন্ত প্রতিদিন খোঁজ নেয়া হয়ে যেত তাঁর রুটিনের অন্তর্ভুক্ত। শহরে কারো বাড়িতে শিশুর জন্মের খবরে যেমন তাৎক্ষণিকভাবে নিজেহাতে পোষাক তৈরি করে নিয়ে গিয়ে হাজির হতেন তেমনি কারো বিয়ের জন্যও নিজহাতে দুধের সন্দেশ, নারিকেলের তৈরি বরফি ও চিড়া-জিরা বানিয়ে কেবল বিয়ের আসরেই নয় শ্বশুর বাড়িতে পাঠানোর জন্যে ঝাঁপির সাথে পানের থালি পর্যন্ত সাজিয়ে দেয়া দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রতি পরিবারেই ছিল তাঁর সমাদর। ঝড়, জল, দুর্যোগ কিছুই তাঁর কর্তব্যের গতিরোধ করতে পারেনি। অসাধারণ গুণবতী এই নারীর গুণের বর্ণনা সহজে শেষ হবার নয়। পোষাক বানানো থেকে শুরু করে এমন কোন সূচিকর্ম নেই যা তিনি জানতেন না। নিজ পরিবারে সবাইকে নিয়ে অংশগ্রহণমূলকভাবে গৃহকাজ করতেন। অনাত্মীয় গরীবদের নিজ পরিবারের মত করে কাছে রেখে উপকার করেছেন এমন উদাহরণও তাঁর জীবনে একাধিক। নিজহাতে পরিবেশন করে সবাইকে আপ্যায়ন করতেন। স্পষ্টভাষী এই মহতী নারী অন্যায়ের প্রতিবাদে কাউকে পরোয়া করতেন না। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক বৎসর সুচিকিৎসায় থাকলেও ২০১৪ ‘র ২০ জানুয়ারী সকলের প্রিয় ‘বড়দি’ চিরদিনের মত ইহলোক ত্যাগ করেন। আদর্শ হিসেবে অতুলনীয় সর্বজন শ্রদ্ধেয় চিরকুমারী শিক্ষিকা প্রয়াত আরতি দে’র স্মৃতির প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ অভিবাদন।
(২) আভা দে :- এস.এস.সি ১৯৭৫। সুনামগঞ্জ সরকারী মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি ১৯৭৭ এবং প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট, সুনামগঞ্জ থেকে সি.ইন-এড ১৯৮১। বিবাহিত জীবনে ব্যবসায়ী স্বামীকে নিয়ে সিলেটে অবস্থানরত আভা দে পেশায় গৃহিনী। স্নেহ-আদরে বেড়ে উঠা আভাও ‘বড়দি’র মতই সকল কাজে পারদর্শী। সংসারে সময় দেয়াকে অধিক গুরুত্বপূর্ণ বলে প্রাতিষ্ঠানিক পেশার সাথে ইচ্ছে করেই নিজেকে জড়িত করেননি। সংসারের খুঁটিনাটি কাজসহ আত্মীয়-স্বজন বেষ্টিত আভা দে নিজস্ব আভায় আলোকিত আদর্শ গৃহিনী হিসেবে প্রশংসার সাথে সংসার জীবন যাপন করছেন।
একমাত্র ভাইঝির জন্মের শুভক্ষণটিই তাঁর জীবনের অন্যতম সুখের স্মৃতি। সুশিক্ষায় শিক্ষিত হয়ে অসহায় মানুষের সহায় হিসেবে নিজেকে নিবেদিত প্রাণ হয়ে পাশে দাঁড়াতে যেন দ্বিধাবোধ না করে প্রজন্মের কাছে তিনি এই প্রত্যাশাই করেন।
(৩) সুতপা দে :- এস.এস.সি ১৯৭৮। সুনামগঞ্জ সরকারী মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি ১৯৮০ এবং স্নাতক ১৯৮২। পেশাসংশ্লিষ্ট ডিএআইবিবি ২০০১। ১৯৮৩’র ৪ঠা ডিসেম্বর বাংলাদেশ কৃষিব্যাংক, সুনামগঞ্জ জেলা শাখায় যোগদানে পেশা জীবনের শুরু। বর্তমানে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। ‘বড়দি’র আদর্শের অনুস্মাারক হিসেবে শৈশব থেকেই একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা সুতপার স্বপ্নটি অধরাই থেকে গেলেও নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলার তাগিদ ও কলাকৌশল আয়ত্ত করায় কর্মজীবনে এর প্রভাব প্রতিফলিত হয়েছে পুংখানুপুংখভাবে। একজন আদর্শবান, একনিষ্ঠ, বিশ্বস্ত ব্যাংকার হিসেবে খ্যাতির সাথে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট সুতপার হাতের লেখা এতই স্পষ্ট ও সুন্দর যে, সচরাচর এমন হস্তাক্ষর দেখা যায় না। সেইসাথে ভাষার মাধুর্য ও সাবলীল গঠনশৈলীতে দাপ্তরিক কাজে ভিন্ন মাত্রা এনে আলাদা নজর কাড়া খ্যাতিরও ভাগিদার তিনি। তাঁর তৈরি যেকোন কাজেই রয়েছে শিল্পের ছোঁয়া। কাকডাকা ভোরে জেগে দৈনিক ররুটিন অনুসরণে পারদর্শী এই নারী চাকুরির পাশাপাশি সাংসারিক দায়িত্বতো বটেই সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনেও নিয়মানুবর্তী। ব্যাংকার হিসেবে কর্মক্ষেত্রে প্রথম যোগদান মানসপটে সুখের স্মৃতিতে অনন্য। প্রজন্মের কাছে সুতপার প্রত্যাশা, “শিক্ষা ও নৈতিকতায় আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে – প্রাক্তন ছাত্রী হিসেবে নতুন প্রজন্মের কাছে এটাই আমার প্রত্যাশা।” পরিশেষে দুই সহোদরার সুস্বাস্থ্য নিয়ে আগামীর পথচলা হোক আরো গতিশীল ও স্বার্থক, কামনা রইলো।