- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (৭)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
“ছোট পরিবার সুখী পরিবার”- সেই সময়ের কথা বলছি যখন সুনামগঞ্জের প্রায় প্রতি পরিবারেই সাত থেকে দশ বা অধিক ভাইবোন ছিল। সেই ‘৮০’র দশকের সতীশের সহোদরার যে ছিমছাম ছোট পরিবারের জন্মদাতা অধ্যাপক (অব.) আব্দুর রশিদ ও জন্মদাত্রী প্রয়াত রাহেনা বেগম সেই পরিবারের তিন সন্তানের একজোড়া সহোদরাকে নিয়ে আজকের প্রতিবেদন। এক বৎসরের ছোট-বড় এই সহোদরার পড়ালেখায়ও ব্যবধান এক বৎসর। সতীশের সতীর্থ হিসেবে ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত প্রতি শ্রেণীতেই সর্ব্বোচ্চ ফলাফলসহ বিদ্যালয়কেন্দ্রিক সব ধরনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত থেকে সগৌরবে সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের গ-ি পেরিয়েছেন। পেশাগত জীবনে এই জোড়া বোন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক এবং তাঁদের স্বামীরাও স্বনামধন্য চিকিৎসক।  জন্ম থেকে পাশাপাশি বেড়ে ওঠা সহোদরার জীবনের সকল ক্ষেত্রেই ভিন্ন আঙ্গিকে প্রায় হুবহু সাদৃশ্য থেকে  দুজনকে একই ফ্রেমে তুলে ধরা যত সহজ, আলাদাভাবে ততই কঠিন। কঠিন কাজটি সহজ করার প্রয়াসে তাঁদের স্বকীয়-স্বাতন্ত্র নিয়ে আলোকপাত করা যাক :-
(১) ডাঃ সামসুন্নাহার পারভীন: এস.এস.সি ১৯৭৮ – ১ম বিভাগ, ২টি লেটারসহ। এইচএসসি ১৯৮০-১ম বিভাগ, সুনামগঞ্জ সরকারী মহাবিদ্যালয়। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ১৯৮৭। ডিডিভি(ডিপ্লোমা ইন ডারমাটোলজি এন্ড ভেনারেল ডিজিজ) বারডেম হাসপাতাল, ঢাকা, ২০০৫।  ক্যাডার সার্ভিসে যোগদানের  জন্য বি.সি.এস পরীক্ষা চলাকলীন ইরানের হেলথ মিনিস্ট্রির নিয়োগপত্র হাতে আসায় সিভিল সার্ভিস পরীক্ষা শেষ না করেই ইরানের উদ্দ্যেশে দেশত্যাগ করেন। সেখানেই পেশাগত জীবন শুরু এবং দীর্ঘ পাঁচ বৎসর কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পর ১৯৯৬-এ হলিফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকায় যোগদান। বর্তমানে চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ সামসুন পারভীন সহকারী অধ্যাপক   হিসেবে উক্ত কলেজে কর্মরত।  অসামান্য গুণবতী ডাঃ পারভীনের গুণের কাহিনী বর্ণনায় শেষ হবার নয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুনামগঞ্জে কেটেছে নানারকম বিনোদনমূলক ও সহপাঠক্রমিক কাজকর্মের সাথে যুক্ত থেকে। আন্তঃবিদ্যালয় থেকে আন্তঃমহকুমার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা, বিতর্ক, গান, সাধারণজ্ঞান ইত্যাদিতে বিজয় ছিনিয়ে আনায় তিনি ছিলেন পারদর্শী। একবার বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত “চোর” নাটকে সুমিতা দেবীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। বার্ষিক পরীক্ষা শেষে বনভোজন ছিল বাৎসরিক রুটিনভুক্ত বিনোদনের অন্যতম। এই আনন্দভ্রমণেও মুখ্য ভূমিকায় থেকে  ফর্দ লিখা থেকে বাজার করা, মোরগ কাটাকুটির তদারকি, রাতেই মশলা বেটে গুছিয়ে রাখা ছাড়াও আনুষঙ্গিক সবকিছুতে একলাই এক শ’ হিসেবে ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। একঝাঁক বান্ধবীর সাথে আনন্দঘন পরিবেশে নিজেকে জড়িয়ে রেখে কর্তব্যপরায়ণতায় সবিশেষ ভূমিকায় অবতীর্ণ হয়ে খুব ভোরবেলায় দলেবলে পিকনিক স্পটে পৌঁছেই প্রথম কাজ গর্ত খুঁড়ে তিনটি ইট বসিয়ে উনুন বানানো।  তারপর লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে রান্না শুরু থেকে পরিবেশন পর্যন্ত হাসিমুখে আনন্দঘন পরিবেশে তাঁর অগ্রণী ভূমিকা প্রশংসনীয়। এলএলবি ডিগ্রিধারী একমাত্র কন্যা ও চিকিৎসক স্বামীর সাথে তিনি রাজধানী ঢাকা শহরে বসবাস করছেন। নবম ও দশম শ্রেণীতে ১ম স্থানধারী দুইবোন সামনের সারির একই বেঞ্চে পাশাপাশি বসে পরীক্ষা দেয়ার স্মৃতিই মানসপটে সুখের স্মৃতিতে অম্লান। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে পীড়িত মানুষের সেবায় অগ্রগামী ভূমিকা পালন করতে হবে- প্রজন্মের কাছে এই প্রত্যাশা রেখেছেন ডাঃ সামসুন্নাহার পারভীন।
(২) ডাঃ লুৎফুন্নাহার জেসমিন : এস.এস.সি ১৯৭৯ – ১ম বিভাগ, ৫টি লেটারসহ । ২টি লেটারসহ স্টার মার্কস নিয়ে ঢাকার ইডেন গার্লস কলেজ থেকে এইচএসসি ১৯৮১ – ১ম বিভাগ। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ১৯৮৯ এবং ডিজিও(ডিপ্লোমা ইন গাইনোকলজি এ- অবস্ট্রেট্রিক্স), ২০০৪। মেডিকেল অফিসার হিসেবে সুনামগঞ্জ মাতৃমঙ্গলে পেশাগত জীবন শুরু ১৯৯১- এ। আট বৎসর পর সিলেট মাতৃমঙ্গলে বদলী ১৯৯৯-এ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ২০১১। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ লুৎফুন্নাহার জেসমিন উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা,  সিলেট জেলা, সিলেট হিসাবে কর্মরত। বর্তমানে চিকিৎসক স্বামীসহ সিলেটে বসবাসকারী ডাঃ জেসমিনের দুই সন্তানের বড় ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,ঢাকা’র ইলেকট্রোনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষে ও মেয়ে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস ৩য় বর্ষে পড়ছে।  “আমাদের একজন দিদি কোনসময় হাসতেন না। আমি ক্লাস এইটে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে সেই দিদিকে সালাম করতে গেলাম। উনি খুব বিরক্ত হয়ে বললেন,”কেন,কি দরকার?” আমি যখন বললাম যে আমি বৃত্তি পেয়েছি, সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে সেকি অট্টহাসি!”- এটাই তাঁর সুখের স্মৃতি। উল্লেখযোগ্য যে সেবার তের বৎসর পর  ক্লাস এইটে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে বিদ্যালয়কে গৌরবান্বিত করেছিলেন ডাঃ জেসমিন। সরকারী সতীশচন্দ্র বালিকা  উচ্চ বিদ্যালয় থেকে সুশিক্ষা নিয়ে ভবিষ্যতে নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করবে, “নারী স্বাধীনতা”র সত্যিকার তাৎপর্য  বুঝে নারী হিসেবে পৃথিবীতে গৌরবান্বিত হবে- প্রজন্মের কাছে  এমন প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন তিনি। বহুগুণে গুণান্বিতা-মেধাবী-নিরলস এই পেশাজীবী  সহোদরার আগামী দিনগুলি অনেক ভাল কাটুক -নব সাফল্যে আনন্দিত পথচলা হউক মসৃন। উভয়ের জন্য রাখলাম অন্তরের  শুভেচ্ছা।

  • [১]