রোমেনা লেইস
সৈয়দা সুরাইয়া মাসউদ জন্ম ১৯৪৫ সালের ১৬ই জুন, সুনামগঞ্জ এর ষোলঘরে ।
বাবা- সৈয়দ আওছাফ হুসেন ও মা- আমিরুন নেছা খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা বড়বাড়ী, সৈয়দপুর, জগ্ননাথপুর, সুনামগঞ্জ। প্রাথমিক শিক্ষার শুরু সুনামগঞ্জ জামে মসজিদের মক্তবে। দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ওখানে পড়েন। এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়েন ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত। ১৯৬১ সালে উক্ত বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৬৩ সালে আইএ এবং ১৯৬৫ সালে বিএ পাশ করেন। পরবর্তী এক বছর সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৬৬ সালের ডিসেম্বরে বিয়ে হয়ে যায়। স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্রনেতা মাসউদ খান এম.এ.এল.এল.বি। বিয়ের পর সিলেট কিশোরীমোহন বহুমুখী বালিকা বিদ্যালয়ে কয়েক মাস শিক্ষকতা করেন। অতঃপর ব্লু-বার্ড স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেন। ১৯৭৬ সালে টাঙ্গাইল চলে যান স্বামীর সাথে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেখানে ই.বি. শিশু স্কুলের প্রধান শিক্ষয়িত্রী হন। দশ বছর সেখানে থাকার পর তিনি ঢাকা চলে আসেন। ঢাকা থাকাকালীন সময়ে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজেও খন্ডকালীন শিক্ষকতা করেন। ২০০০ সালে আবার সিলেট চলে আসেন। সিলেটের উপশহরে কতিপয় বন্ধু ও স্বজনসহ শাইনিং জুয়েলস স্কুল
এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এই স্কুলে ১৩ বছর তিনি ভাইস-প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন এবং ২০১৩ সালে দায়িত্ব থেকে অবসর নেন। তিনি লেখালেখি করতে ভালবাসেন। লেখার হাতেখড়ি তার সতীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে থাকতে। তার কয়েকটি বই প্রকাশিত হয়েছে।
যেমন, ১। ছোটদের মওলানা ভাসানী (জীবনীমূলক), ২। হে আল্লাহ! আমি উপস্থিত (হজ্জ্ব সময়ের উপর), ৩। জীবন নদীর নানা বাঁক (আত্মজীবনীমূলক) ৪। আগুনঝরা নয়টি মাস (স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে)।
সত্যিকারের মানুষ গড়ার কারিগর বলতে যা বুঝায় তিনি শতভাগ তাই। সৈয়দা সুরাইয়া মাসউদ শিশু মনঃস্তত্ত্ব নিয়ে পড়াশুনা করেন। শিশুর মানসিক বিকাশ নিয়ে গভীর উপলব্ধি তাঁর। এ লক্ষ্যে তিনি স্কুলের শিক্ষক অভিভাবক নিয়ে বিভিন্ন কর্মশালা পরিচালনা করতেন। তিনি শিশুদের ফুলের সাথে তুলনা করতেন। সঠিক পরিচর্যা করলে ওরা সতেজ সুন্দর হয়ে সুবাস ছড়াবে সমাজে। ওদের উপর কোনো বোঝা চাপিয়ে দেয়া যাবে না,ওদের সবকিছুতে উৎসাহিত করতে হবে,সত্যবাদী হতে শিক্ষা দিতে হবে,পরীক্ষায় ভাল ফলাফলের জন্যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে দেয়া যাবে না। সর্বোপরি ভাল ছাত্র হওয়ার চেয়ে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে শিশুদের।