- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (২)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
“বিদ্যা অমূল্য ধন” প্রবাদটির ব্যাখ্যায় বলা হয় যে ধন-সম্পদ চুরি যায় কিন্তু বিদ্যা কখনো চুরি যায় না। আজ সেই পরিবারের সহোদরাদের সম্পর্কে আলোচনা করব যারা শিক্ষিত হয়ে নিজেদেরকে পেশার সাথে যুক্ত করে স্বাবলম্বী হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন। তাঁদের মা কনক প্রভা পুরকায়স্থ এবং বাবা কৃষ্ণ কিশোর পুরকায়স্থ, তাঁর বাবার একমাত্র উত্তরাধিকার হিসেবে অঢেল সম্পত্তির মালিক হয়েও জীবনের শেষ সময়ে সন্তানদের জন্য তেমন কিছুই রেখে যেতে পারেননি।তাঁদের এক পুত্র ও ছয় কন্যা সন্তানের পাঁচজনই সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, দুইজন এই বিদ্যালয়েই শিক্ষকতা করেছেন এবং একজন প্রয়াত। এবার এই পাঁচ কন্যার জীবন ও জীবিকা সম্পর্কে আলোকপাত করা যাক:-
(১) লাভলী পুরকায়স্থ :- ১৯৬৮ সালে এসএসসি এবং ১৯৭০ সালে এইচএসসি সুনামগঞ্জ মহাবিদ্যালয় থেকে। একদিকে নব্য স্বাধীন দেশ পুনর্গঠনের সাথে পিতা কৃষ্ণ কিশোরের সংশ্লিষ্টতা অন্যদিকে হঠাৎ করেই তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে লাভলীর প্রাতিষ্ঠানিক শিক্ষার যবনিকা ঘটে এবং বড় সন্তান হিসেবে সংসারের দায়িত্ব পালনে সচেষ্ট হতে হয়। একদিকে অসুস্থ বাবার পরিচর্যা তদুপরি গোটা পরিবারের দেখভালের দায়িত্ব তাঁর উপর বর্তায়।
পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে ঘরে বসেই প্রাইভেট টিউশন শুরু  করলেন। কিছুদিন কষ্টে কষ্টে চলার পর ১৯৭৪ সালে সুনামগঞ্জ পৌরসভা পরিচালিত আদর্শ শিশু শিক্ষা নিকেতনে সহকারীশিক্ষিকা হিসেবে যৌগদান করেন। তখনকার পৌর চেয়ারম্যান
জনাব ওবায়দুর রাজা চৌধুরী এগিয়ে এসে তাঁকে উক্ত পদে বহাল করেন। কয়েক বৎসর পর ধলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা এবং তারও পর ১৯৭৮ সালের ১লা আগষ্ট মৌলভীবাজারের সরকারী আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যায়ে জুনিয়র শিক্ষিকা হিসেবে যোগদান করেন। চার       মাস পর বদলী হয়ে সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন। ১৯৮৩ সালে বিয়ের পর ১৯৮৫ সালে সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকুরী জীবনের শেষ দিন কাটিয়ে ২০১১ সালে অব্যাহতি গ্রহণ করেন। পেশায় চিকিৎসক ও প্রকৌশলী দুই পুত্র সন্তান নিয়ে লাভলী পুরকায়স্থ ঢাকায় অবসর জীবন যাপন করছেন।
প্রজন্মের কাছে তাঁর প্রত্যাশা- মানুষের মত মানুষ হয়ে দেশের ও দশের সেবার মানসিকতা নিয়ে মাথা উঁচু করে সমাজে চলতে পারার মত করে নিজেকে তৈরি করতে হবে।
 (২) আইভি পুরকায়স্থ :- স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংগ্রামের পর প্রথম ব্যাচে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ এবং মেয়েদের মধ্যে ১ম স্থান অর্জন করেন। সুনামগঞ্জ মহবিদ্যালয় থেকে এইচএসসি পাশের পর সোভিয়েত-বাংলা মৈত্রী সমিতির স্কলারশিপ নিয়ে রাশিয়া থেকে চিকিৎসা বিজ্ঞানে.উচ্চতর ডিগ্রী অর্জন করেন। পরবর্তী দুই বৎসর শিশু বিশেষজ্ঞ হিসেবে ডিগ্রী নিয়ে দেশে ফিরে এসে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ইন্টার্নি করার পর ধাতৃবিদ্যা ও স্ত্রীরোগে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।
শিশু বিশেষজ্ঞ এবং ধাতৃবিদ্যা ও স্ত্রীরোগ চিকিৎসক ডাঃ আইভি ১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত ব্রাহ্মণবাজার মিশন হাসপাতালে পেশায় নিয়োজিত থেকে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর সেবা করেন। মেয়েদের পড়ালেখার স্বার্থে স্বেচ্ছায় চাকুরি থেকে সরে এসে সিলেটে অবস্থান করার সময় প্রাইভেট প্র্যাকটিস করেন। বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত সীমান্তিক নগর স্বাস্থ্য কেন্দ্রে হতদরিদ্র ও দরিদ্রদের সেবা প্রদানে নিয়োজিত। দুইজন চিকিৎসক কন্যা সন্তানের জননী আইভি একজন সফল মাতা।
সরকারী সতীশচন্দ্র্র বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি সকল সময় ১ম স্থান নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতেন এবং বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য প্রতি ব্ৎসরই বিশেষ পুরষ্কার পেতেন। এসএসসিতে ভাল ফলাফলের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে চার আনা সোনার একজোড়া কানের দুল উপহার পাওয়ার স্মৃতি তাঁর অন্যতম সুখের স্মৃতি।
ধ্যানে, জ্ঞানে, মেধায়, মননে ভাল মানুষ হিসেবে নিজেকে তৈরি করে দেশ ও দশের সেবায় ঝাঁপিয়ে পড়ে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে প্রজন্মের প্রতি তাঁর প্রত্যাশা।
(৩) বাবলী পুরকায়স্থ : ১৯৭৭ সালে এস.এস.সি। সুনামগঞ্জ সরকারী মহাবিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি ও ১৯৮১ সালে স্নাতক (কলা) পাশ করার পর ১৯৮৩-১৯৮৪ শিক্ষাবর্ষে ময়মনসিংহ মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে বিএড প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৮৫ সালে আদর্শ শিশু শিক্ষা নিকেতন, সুনামগঞ্জ-এ সহকারী শিক্ষকা পদে যোগদানের মাধ্যমে পেশাজীবনের শুরু। ১৯৮৬ সালে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা  পদে প্রতিযোগিতায় কৃতকার্য হলেও নিয়োগ স্থগিত রাখায় ১৯৮৭ সালে নিয়োগ লাভ করে সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৮৯ সালে বিয়ের পর ১৯৯০ সালে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বদলী ও ২০১১ সালে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে পদোন্নতি পেয়ে সরকারী অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ে বদলী এবং ২০১২ সালে পুনরায় পদোন্নতিতে প্রধান শিক্ষিকা হিসেবে একই বিদ্যালয়ে যোগদান করেন। ইতিমধ্যে ২০০৯ সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে কলেজ হিেেসবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান হিসেবে কর্মরত এবং গার্লস গাইড, সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত।
নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে বাবলী পুরকায়স্থ নিজ প্রতিষ্ঠানের ছাত্রীদের গুণগত উৎকর্ষতা সাধনে কিছু পদক্ষেপ গ্রহণ করেন যা ইতিপূর্বে ছিল না। যেমন: বিজ্ঞান মেলা, গণিত প্রতিযোগিতা, ছাত্রীদের আঁকা চিত্র প্রদশনী ইত্যাদি। বার্ষিক কর্মপরিকল্পনায় দিন, তারিখ নির্ধারণের পর বিষয়গুলি সন্নিবেশিত করে বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার ছাপানোও তাঁর অপর নতুনত্ব। সুনিপুণভাবে পরিচালিত বাবলীর শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৫ সালে মাল্টিমিডিয়াতে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে জাতীয় পুরষ্কার লাভ করে। ২০১৩সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করে চলেছে। ২০১৫ সালে মাল্টি মিডিয়া ক্লাসে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের জেলা প্রশাসক বাবলী পুরকায়স্থকে সম্মননা প্রদান করেন।
এতসব সফলতার মাঝেও বাবলীর জীবনে রয়েছে এক মর্মস্পর্শী করুণ কাহিনী। তাঁর স্বামী ব্যাংকার পূর্ণেন্দু ভট্টাচার্য্য ২০০৩ সালে হঠাৎ করে হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে কর্মরত অবস্থায় কর্মস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুইপুত্রের একজন প্রকৌশলী ও অন্যজন বিবিএ অধ্যয়নরত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরষ্কার গ্রহণ বাবলীর জীবনে শ্রেষ্ঠ সুখের স্মৃতি।
হিংসা-বিদ্বেষহীন, নৈতিকতাপূর্ণ সুন্দর পরিবেশে আদর্শ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রত্যয়ী হিসেবে নিজেকে তৈরি করতে হবে – বর্তমান প্রজন্মের কাছে এটাই তাঁর প্রত্যাশা।
 (৪) শিল্পী পুরকায়স্থ :- ১৯৭৯ সালে এসএসসি এবং ১৯৮১ সালে সুনামগঞ্জ সরকারী মহাবিদ্যালয় থেকে এইচএসসি উত্তীর্ণ শিল্পী ১৯৮৩-১৯৮৪ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ পি.টি. আই থেকে সি-ইন. এড প্রশিক্ষণ প্রাপ্ত হন।
জগন্নাথপুর উপজেলার ইশাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ১৯৮৬সালে শিল্পীর পেশাগত জীবন শুরু। ১৯৮৯ সালে বদলী হয়ে সুনামগঞ্জ সদরের  জে. কে.  এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসেন। ১৯৯২ সালে  বিয়ের পর ১৯৯৪ সালে মৌলভীবাজারের একটি প্রত্যন্ত গ্রামে বদলী হন। বর্তমানে মৌলভীবাজার পৌরসভার টিলাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
দুই সন্তানের জননী শিল্পীর বড় ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগে অনার্স শেষ বর্ষ এবং ছোট মেয়ে এইচ. এস. সি পরীক্ষার্থী।
১৯৯৩ সালের ২২আগষ্ট  মা হওয়ার দিনটি তাঁর জীবনে অনন্য সুখের স্মৃতি।
আদর্শবান মানুষ হিসেবে তৈরি হয়ে দেশ ও দশের সেবায় সম্পৃক্ত হবে-বর্তমান প্রজন্মের কাছে এটাই শিল্পীর প্রত্যাশা।
 (৫) শম্পা পুরকায়স্থ :- ১৯৮২ সালে এস. এস. সি এবং সুনামগঞ্জ সরকারী মহাবিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এইচ. এস. সি ও ১৯৮৬ সালে স্নাতক পাশের পর ১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষে সিলেট পি. টি. আই থেকে সি-ইন.এড প্রশিক্ষণ প্রাপ্ত হন।
১৯৯৫ সালে বিশ্বনাথ থানার ধলগাঁও গ্রামের জালালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ১৯৯৮ সালে বিয়ের পর মৌলভীবাজার সদর উপজেলার বায়শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলীর পর সেখানেই পেশাগত জীবন যাপন করছেন।
দুই কন্যা সন্তানের জননী শম্পার বড়জন এইচএসসি পরীক্ষার্থী ও ছোটজন ৪র্থ শ্রেণীর ছাত্রী।
শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারী  সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির স্মৃতিই তাঁর জীবনে সুখের স্মৃতি।
স্বাবলম্বী এই পাঁচ সহোদরার সুখ শান্তিময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
 

  • [১]