- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি- আমাদের নক্ষত্ররা

রোমেনা লেইস
চমন চৌধুরী
রবার্ট ব্রুস মাকড়সার জাল বুনে বুনে ভেঙ্গে যাওয়া জাল পুনরায় বুনতে থাকে দেখে নিজের জীবনে তা প্রয়োগ করেছিলেন। একবার না পারিলে দেখ শতবার। চমন চৌধুরীও তা বিশ্বাস করেন। গল্প আর জীবন এক নয়। আবার কখনো গল্পই যেন জীবন হয়ে ওঠে। চমন চৌধুরী। ১৯৬৩ সালের ১লা ডিসেম্বর মাদারীপুরে নানা বাড়িতে জন্ম। বাবা অধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী আর মা রেজিয়া চৌধুরীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে উঠেছেন। ১৯৭৪ সালে ষষ্ঠ শ্রেণীতে আমরা একসাথে এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। স্কুলের সকল অনুষ্ঠানে, রবীন্দ্র জয়ন্তী কী নজরুল জয়ন্তীতে চমন চৌধুরী গায়িকা। অন্য সকল শিল্পীর গানে হারমোনিয়াম বাদক। গার্ল গাইড, রেডক্রস সকল কর্মকান্ডে জড়িত ছিলেন। রেডিও বাংলাদেশ সিলেটের তালিকাভুক্ত শিল্পী। ১৯৭৯ সালে এসএসসি পাশ করেন এসসি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৮১ সালে সুনামগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম বিশ জনের মধ্যে স্থান পেয়ে আইন বিষয়ে অনার্সে ভর্তি হন । ১৯৮৫ সালে অনার্স আর ১৯৮৬ সালে মাস্টার্স পাশ করেন। অধ্যবসায় ও ধৈর্য্যরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্রয়োদশ বিসিএস দিয়ে বিচার বিভাগে যোগ দেন ১৯৯৪ এ। সুনামগঞ্জে এ শিক্ষানবিশ সহকারী বিচারক হিসাবে যোগদান করেন। বিচারক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদি, ঢাকা, কুমিল্লা, মৌলবীবাজার, জামালপুর, চাঁদপুরে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা শফিউল বাশার এর সাথে বিয়ে হয়। নিয়তির পরিহাসে ২০০০ সালে তিনি পরলোক গমন করেন। মাত্র ৩৭ বছর বয়সে স্বামীর মৃত্যুর পরও ভেঙে না পড়ে দৃঢ়তার সাথে বন্ধুর পথ পাড়ি দেন। কিন্তু পরাজয় বরণ করেনি। কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে পাঁচ আর ছয় বছরের দুইটা বাচ্চাকে সাথে নিয়ে জীবনের লড়াই একাই করে চলেছেন। সন্তানদের মানুষ করার ব্রত নিয়ে একাই সাধনা করে যাচ্ছেন। বর্তমানে তিনি একজন জেলা ও দায়রা জজ। সন্তানরাও বিশ্ববিদ্যালয় এর সর্বোচ্চ পর্যায়ে শিক্ষারত। চমন সুনামগঞ্জের গর্ব। এসসি উচ্চ বালিকা বিদ্যালয়ের গর্ব। সুনামগঞ্জের আলোকিত সন্তান তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব। সৎ নির্ভীক নির্লোভ একজন নিভৃতচারী দেশসেবক। চমন চৌধুরীর কাছে আমাদের মানে বাংলার মেয়েদের অনেক কিছু শেখার আছে। এক কন্যা আর এক পুত্র নিয়ে চমন চৌধুরী বর্তমানে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল ৩ এ কর্মরত। তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে। আর ছেলে এবার বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭ তম লংকোর্সে যোগ দিচ্ছে। চমন মনে করেন সকলের মনে রাখা উচিত মৃত্যুর কোন সময় অসময় নাই। প্রত্যেক পিতামাতার মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা জরুরী। আমি চমনের সাফল্য কামনা করি।

  • [১]