আকরাম উদ্দিন
সুনামগঞ্জ শহরতলির পাশের সুরমা নদীরপাড়ে ডাম্পিং করা বালু-পাথর যানবাহনে লোড করতে বেল্ট স্থাপন করায় সড়কের সর্বনাশ হচ্ছে। সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাজারগাঁও ও সুরমা ইউনিয়নের সদরগড় এলাকায় মাটি কেটে বেল্ট স্থাপন করায় সড়কের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নদীর তীরের স্তুপকৃত বালু পাথর স্টিলবডি নৌকা, বাল্কহেড, কার্গোতে সহজে লোড করতে নদীর তীরে জন চলাচলের সড়ক কেটে বেল্ট স্থাপন করেছেন একাধিক ব্যবসায়ী। এই কারণে সড়কে যানবাহন চলাচলে দুর্ঘটনা বেড়েই চলেছে।
গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট থেকে যানবাহন ও জন চলাচলের মাটির বাইপাস সড়ক দিয়ে অচিন্তপুর, রাজারগাঁও এবং সুরমা ইউনিয়নের সদরগড়ের অলির বাজার পর্যন্ত মানুষ ও যান চলাচল করে থাকে। বিভিন্ন স্থানের সবজি ব্যবসায়ীরা অলির বাজারে আসেন এই বাইপাস সড়ক দিয়েই। কিন্তু দীর্ঘদিন ধরে গৌরারং ইউনিয়নের রাজারগাঁও এবং সুরমা ইউনিয়নের সদরগড় ও অলির বাজার পর্যন্ত মাটির সড়ক কেটে বেল্ট স্থাপন করছেন বালু-পাথর ব্যবসায়ীরা। নদীর তীরের ডাম্পিং করা বালু-পাথর সহজে কার্গো ও স্টিল বডিতে লোড করতে মাটি কেটে বেল্ট স্থাপন করায় চলাচল অনুপযোগি হচ্ছে সড়ক। বৃষ্টিতে সড়ক গলে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই সড়কে যানবাহন চলাচলে দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিনই একাধিক দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।
রাধানগর পয়েন্ট থেকে আসা পথচারী ইব্রাহীম আলী জানান, ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বিগত সময়ে এই সড়কে মাটি ফেলে সংস্কার কাজ করেছিলেন। সড়কটি প্রশস্ত হয়েছে। মানুষ ও যান চলাচলে সুবিধা হয়েছে। প্রতিদিন অলির বাজারে হাজারো মানুষ ও মালবাহী যানবাহন আসা যাওয়া করে। এখন বালু পাথরের একাধিক ব্যবসায়ী বেল্ট স্থাপন করায় সড়কের ক্ষতি হচ্ছে।
গত রবিবার দুপুরে শহরের মাইজবাড়ি গ্রামের আশিকুর রহমানের অটোরিকশা এই সড়কে দুর্ঘটনায় পড়ে। মালামালসহ অটোরিকশা নদীতে পড়ে যায়। গাড়ি চালক আশিকুর রহমান জানান, সড়কের মুচিবাড়ি এলাকায় বেল্টের কাছে কাটা সড়কে তার গাড়ির দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়।
তবে ওই বেল্ট স্থাপনকারী ব্যবসায়ী খসরু মিয়া বলেছেন, অটোরিকশা তার বেল্টে লাগেনি। ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়াকে বলে সড়ক কেটে বেল্ট স্থাপন করেছেন বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বলেছেন, এমন অন্যায় কাজের অনুমতি তিনি দেন নি। দিতে পারেন না।
স্থানীয় বাসিন্দা তানভীর আহমদ তাছলিম বলেন, এই সড়ক এলাকার অতি সহজ এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সড়কে মাটি ফেলে সংস্কার কাজও হয়েছিল। সড়ককে ব্যক্তিস্বার্থে নানাভাবে ব্যবহার করছেন এক শ্রেণির মানুষ। এতে সড়কের ক্ষতি হচ্ছে।
গৌরারং ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, এলাকার মানুষের অতি গুরুত্বপূর্ণ সড়ক রাধানগর থেকে অলির বাজার। এই সড়কের আরও উন্নয়ন করতে চাই। সড়কের কেউ ক্ষতি করলে তাও গুরুত্ব সহকারে দেখবো।