আকরাম উদ্দিন
সদর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে কমপ্লেক্স নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মতভিন্নতার কারণে কমপ্লেক্স নির্মাণ হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা। ফলে বিভিন্ন সময়ে নির্বাচিত চেয়ারম্যানগণ ভিন্ন ভিন্ন জায়গায় অফিসের কার্যক্রম চালিয়ে আসছেন। এমন অবস্থায় ইউনিয়ন অফিসের কার্যক্রম পরিচালনা করায় স্থানীয় জনগণ হয়রানিসহ নানা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।
শহরতলীর সুরমা ইউনিয়নের কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে চলছে স্থানীয় জনগণ, ইউনিয়ন পরিষদ সদস্যদের ভিন্নমত। ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের নির্ধারিত স্থান হিসাবে কেউ কেউ মতামত ব্যক্ত করেছেন ইব্রাহীমপুর গ্রামের কাউয়ার হাওরের জমিতে, কেউ হালুয়ারঘাট বাজার এলাকায়, আবার কেউ সৈয়দপুর গ্রামে। এমন ভিন্নমত পোষণের কারণে বছরের পর বছর ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের অপেক্ষায় রয়েছেন সুরমা ইউনিয়নবাসী।
নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুছ সত্তার ডিলার জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্ধারিত স্থান নির্ধারণে নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে আলোচনা করা হবে। সেই সাথে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামতও নেয়া হবে। যেহেতু এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেহেতু জনগণ যাতে সুষ্ঠু সেবা পান সেদিকে লক্ষ্য রেখে সকল নাগরিকদের সুবিধামত জায়গায় এই কমপ্লেক্সের স্থান নির্ধারণ করা হবে।
পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘ইতিপূর্বে আমাদের ইউনিয়নে যাঁরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁদের সকলেই ইউনিয়ন কমপ্লেক্সের জায়গা নির্ধারণ ও নির্মাণের বিষয়টি অবহেলার চোখে দেখেছেন। নইলে অনেক আগে আমাদের ইউনিয়নে কমপ্লেক্স নির্মাণ হতো। ইউনিয়নের যেখানেই হউক ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করা একান্ত জরুরি। নইলে আমাদের ইউনিয়নের ক্ষতি।
নলুয়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আব্দুল আওয়াল বলেন, ‘ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের জায়গা নির্ধারণ এখনও হয়নি। ইউনিয়নের জনগণ সুষ্ঠু সেবা পেতে কষ্ট হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সকলের মতামতের ভিত্তিতে জায়গা নির্ধারণ করে ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করা প্রয়োজন।’
মোল্লাপাড়া ইউনিয়নেও নেই কমপ্লেক্স। এই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হক জানান, কমপ্লেক্স নির্মাণের জন্য আগেও চেষ্টা করা হয়েছিল। সামান্য জায়গা কম থাকায় কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়নি। এখন জায়গার কোনো সমস্যা নেই। কমপ্লেক্স নির্মাণ করা হবে বর্তমান ইউনিয়ন অফিসের স্থানে।
তবে এলাকার একাধিক ব্যক্তি জানান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও জমশেদ আখন্দের দায়িত্ব পালনের সময় স্থান নির্ধারণ নিয়ে ভিন্নমত ছিল। কেউ বলেছিলেন সাদকপুরে আর কেউ বলেছিলেন বেতগঞ্জবাজারে কমপ্লেক্স নির্মাণ করার কথা। কিন্তু ইউনিয়নের জনগণের মতামত ছিল ইউনিয়নের মধ্যবর্তী স্থান সাদকপুর এলাকা। এরপর আর কমপ্লেক্স নিয়ে কেউ আলোচনা করেননি।
ইছাগরি গ্রামের রাসেন্দ্র দাস বলেন, ‘ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করা খুবই জরুরি। একই গ্রামের নুরুল ইসলাম জানান, স্থানীয় জনগণ মতামত জানিয়েছিলেন সাদকপুরে। যেখানে ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করলে নাগরিক সেবা নিশ্চিত হবে, যোগাযোগ ভাল হবে, সেখানেই কমপ্লেক্স নির্মাণ করা উচিৎ।’
গৌরারং ইউনিয়নেও নেই ইউনিয়ন কমপ্লেক্স। বর্তমানে গৌরারং গ্রামের ইউনিয়ন অফিসের পুরাতন ভবনে কার্যক্রম চলছে। নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফুল মিয়া জানান, আমি আগেও চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়ন কমপ্লেক্স করার জন্য চেষ্টা করেছি। এবার যাতে কমপ্লেক্স নির্মাণ করা যায়, সেই জন্য আমি যথাযথ দায়িত্ব পালন করবো। সুরমা নদীতে আব্দুজ জহুর সেতু নির্মাণ হওয়ায় এবার আমাদের ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এখন এই ইউনিয়নের নাগরিক সেবার মান উন্নয়ন করতে হবে। এতে ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ জরুরি প্রয়োজন রয়েছে।
গৌরারং গ্রামের বাসিন্দা শাহনুর মিয়া বলেন, ‘যেখানে ইউনিয়ন অফিস আছে, সেটা খুব পুরাতন ভবন। ইউনিয়ন কমপ্লেক্স যত তাড়াতাড়ি নির্মাণ করা হবে, ততই ইউনিয়নের নাগরিকরা সুষ্ঠু সেবা পেতে সহজ হবে। আমাদের এলাকায় কমপ্লেক্সের জায়গা নিয়ে কোনো ভিন্নমত নেই। পরিষদের সদস্যদের আন্তরিকতা থাকলে কমপ্লেক্স তাড়াতাড়ি নির্মাণ হবে। ইউনিয়নবাসীর স্বার্থে ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করা জরুরি প্রয়োজন।’
কাঠইর ইউনিয়নে নেই ইউনিয়ন কমপ্লেক্স। বর্তমান চেয়ারম্যান লুৎফুর রহমান জানান, ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের জন্য আমি অনেক চেষ্টা করেছি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন দাখিল করেছি। আমাদের ইউনিয়ন অফিস রয়েছে নোয়াগাঁও এলাকায় স্থানীয় কামাল বাজারে। এই অফিসের পাশের জমিতে নির্মাণ করা হবে ইউনিয়ন কমপ্লেক্স। এই স্থানটি ইউনিয়নের মধ্যবর্তী স্থান।
নোয়াগাও গ্রামের মহিবুর রহমান বলেন, ‘ইউনিয়ন কমপ্লেক্সের জন্য দেয়া জায়গা ইউনিয়নের মধ্যবর্তী স্থান। এই কমপ্লেক্স নির্মাণের জন্য নোয়াগাঁও গ্রামের জয়নাল আবেদীন ১ কেয়ার জমি দান করেছেন। আমি নিজেও পনের হাজার টাকা অনুদান দিয়েছি। দায়িত্বশীলদের অবহেলা না থাকলে কমপ্লেক্স নির্মাণ দ্রুত হবে। ’
মোহনপুর ইউনিয়নেও ইউনিয়ন কমপ্লেক্স নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, ইউনিয়ন কমপ্লেক্সের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। এখন ইউনিয়ন অফিসের কার্যক্রম চালানো হচ্ছে পৈন্দা গ্রামে পুরাতন ভবনে। এই ভবনের জায়গাও সরকারী খাস জায়গায়। ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করার জন্য আমার পক্ষ থেকে ২৫ শতাংশ জায়গা দিতে প্রস্তাব দিয়েছি। পৈন্দা-মোহনপুর গ্রামের মধ্যবর্তী স্থান আমার প্রস্তাবিত জায়গা। এই স্থানে ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা দেয়ার প্রস্তাব দেয়ার পর এলাকার কয়েকজনে পাল্টা অভিযোগ দাখিল করেছেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে। এরপরও আমি ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করতে অনেক চেষ্টা করেছি। ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ না হলে এলাকার ক্ষতি, জনগণের ক্ষতি। এটা সবাই বুঝে নিলে আমার প্রস্তাবের বিরুদ্ধে কেউ অভিযোগ দাখিল করতো না। এখন আবারও চেষ্টা করবো, যাতে ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ হয় ইউনিয়নের মধ্যবর্তী স্থানে।
পৈন্দা গ্রামের বাসিন্দা আব্দুল মতিন বলেন, ‘ইউনিয়ন কমপ্লেক্সের জায়গা নির্ধারণ করা আছে। জায়গাটি ইউনিয়ন অফিসের পাশে। চেয়ারম্যান তাজুল ইসলাম যেখানে জায়গা দিতে চান সেখানে নয়। অন্য একটি জায়গায় এই ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করা হবে।’