স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বাস ভবনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা ৯ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, পুরো জেলার হেড কোয়ার্টার হচ্ছে সুনামগঞ্জ সদর আসন। সেখানে নৌকার কোনো এমপি নেই। এমপি না থাকার ফলে গত ইউপি নির্বাচনে আমাদের কোনো চেয়ারম্যান জয়ী হতে পারেন নি। তাই আগামী নির্বাচনে ব্যারিস্টার ইমনকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই।
কাঠইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরগুল তালুকদার বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী বলেছিলেন কাকে মনোনয়ন দিলে ভালো হয়? আমরা ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের কথা বলেছিলাম। তবুও কেনো জানি সদরে নৌকা দেয়া হয় নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইমনকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই। এর জন্য প্রয়োজন হলে গণঅনশন, গণস্বাক্ষর সংগ্রহ করবো।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদস্য সুবীর তালুকদার বাপ্টু, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সদস্য জাকির হোসেন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
সভায় ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, সম্প্রতি বন্যার সময় আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মী মানুষের সেবায় কাজ করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁচ্ছে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বানভাসি মানুষকে দেখার জন্য ছুটে এসেছেন। তিনি তৃণমুলের নেতাকর্মীদের কথা শুনেন। আগামী নির্বাচনে আমরা নৌকার প্রার্থী সুনামগঞ্জ সদর আসনে দেখতে চাই। আপনাদের দাবি আমি কেন্দ্রীয় নেতৃবৃৃন্দের কাছে পাঠাবো।