স্টাফ রিপোর্টার
আগামী ২৩ ডিসেম্বর সারা দেশব্যাপী নদীরপাড়, খাল ও বিলের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। এই অভিযানকে সফল করতে বিভিন্ন অবৈধ দখলীয় স্থান পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। সদর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ওইদিন শহর ও শহরতলী এলাকার প্রায় ৩৫টি স্থানে এই উচ্ছেদ
অভিযান পরিচালিত হবে।
শনিবার সুনামগঞ্জ শহর এলাকার সুরমা নদীরপাড়ের বিভিন্ন এলাকা, শহরতলীর ইব্রাহীমপুর ও হালুয়ারঘাট এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। পরিদর্শনকালে তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বরের পূর্বে প্রত্যেককে তাদের নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে হবে। পাকা দালান কোঠা, কাঁচা ঘর, দোকানপাট, মার্কেটসহ যাবতীয় স্থাপনা ভেঙে ফেলতে হবে। সরকারী জায়গার উপর কোনো প্রকার অবৈধ স্থাপনা রাখা যাবে না। এই নির্দেশনা যারা অমান্য করবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় একাধিক দখলদার উপস্থিত থেকে এই নির্দেশনা শুনে যথাসময়ের আগে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান, সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত কাননগো আনোয়ার হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী সামছুল হুদা সোহেল, পানি উন্নয়ন বোর্ডের (এসও) আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
চলতি মাসের শুরুতেই আরও দুইবার ইব্রাহীমপুর, হালুয়াঘাট ও শহরের সুরমা নদীরপাড়ের অবৈধ দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান ।