- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন জীবিতকে মৃত দেখিয়ে বয়স্কভাতা অন্য ৪ জনকে

আকরাম উদ্দিন
চারজন নারী-পুরুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা থেকে বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত এক বছর ধরে ওই চারজন ভাতা পাচ্ছেন না। অথচ তাঁদের বয়স্কভাতার বই অন্য আরও চারজনের নামে সরবরাহ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইজন দুই বছর এবং অন্য দুইজন এক বছর ভাতা পেয়েছেন।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাসাউড়া গ্রামের মঞ্জিলা খাতুন (বই নম্বর-৪১০৫), একই গ্রামের আব্দুল মতিন (বই নম্বর-৩৯৯৩) বয়স্ক ভাতার জন্য মনোনীত হন। এরপর তাঁরা টানা দুই বছর ভাতা পেয়েছেন। কিন্তু ২০১৫ সালে কোনো ভাতা পাননি। একইভাবে ২০১৪ সালে রঙ্গারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রঙ্গারচর গ্রামের আব্দুল ছত্তার (বই নম্বর-৬৩), একই গ্রামের করফুল নেছা (বই নম্বর-৫৭৫৯) বয়স্কভাতা জন্য মনোনীত হন। এই দুইজন পেয়েছেন ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের ভাতা পেয়েছেন। এই চারজনই সোনালি ব্যাংক সুনামগঞ্জ শাখায় তাঁদের ব্যাংক হিসাবের মাধ্যমে এই ঃভলভ উত্তোলন করেছেন।
আব্দুল ছাত্তার ও করফুল নেছার ছেলে পাকিস্তান মিয়া জানান, গত বছরের জুন মাসে স্থানীয় ওয়ার্ডের নারী সদস্য ছালেহা বেগম তাঁদের কাছ থেকে বয়স্ক ভাতার দুটি বই নেন। তখন তিনি জানান, বইগুলো অফিস থেকে চাওয়া হয়েছে। এরপর আর বইগুলো ফেরৎ পাননি তাঁরা। এখন ইউপি সদস্য বলছেন, এই বই নিয়ে নাকি ঝামেলা আছে, তাই অফিস থেকে আর বই দেওয়া হবে না। গত সপ্তাহে তাঁদের এক আত্মীয়ের মাধ্যমে সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, আব্দুল ছত্তার ও করফুল নেছাকে মৃত দেখিয়ে এই বই দুটো অন্যদের নামে সরবরাহ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে জানা গেছে, খাতাপত্রে আব্দুল ছত্তারের বইটি দেওয়া হয়েছে একই ইউনিয়নের নৈগাঙ গ্রামের জাহাঙ্গীর মিয়াকে। করফুল নেছার বইটি দেওয়া হয়েছে একই গ্রামের গয়না বিবিকে।
হাসাউড়া গ্রামের দুই ব্যক্তির কাছ থেকেও একইভাবে স্থানীয় ইউপি সদস্য আঞ্জব আলী বই নিয়ে আর ফেরৎ দেননি। হাসাউড়া গ্রামের মঞ্জিলা খাতুনের বই সরবরাহ করা হয়েছে একই গ্রামের মফিলা খাতুনের নামে। আব্দুল মতিনের বইটি সরবরাহ করা হয়েছে পার্শ¦বর্তী জাহাঙ্গীরনগর ইউনিয়নের আরেক ব্যক্তির নামে।
রঙ্গারচর ইউপির সংরক্ষিত ১,২, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছালেহা বেগম জানান, তিনি বইগুলোর জন্য ছয়মাস ধরে সমাজসেবা কার্যালয়ে ঘোরাঘুরি করছেন। কিন্তু তাঁকে বলা হচ্ছে, এগুলো অবৈধ, বই আর ফেরৎ দেওয়া যাবে না। তিনি বলেন, ‘এখন শুনেছি, তাদের নাকি মৃত দেখিয়ে অন্যদের এই বই দুটো দেওয়া হয়েছে। এখন আমি এই দুই ব্যক্তির কাছে কোনো জবাব দিতে পারছি না। এই দুইজন তো প্রতিদিন আমার কাছে আসে, তাঁরা মারা গেল কীভাবে?’ ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আঞ্জব আলী বলেছেন, ‘দুই বছর ভাতা পাওয়ার পর এখন বলা হচ্ছে বই নিয়ে সমস্যা আছে। অথচ এসব বিষয়ে আমরা কোনো কিছুই জানি না। মঞ্জিলা খাতুন প্রায় প্রতিদিন বইয়ের জন্য আমার কাছে এসে কান্নাকাটি করেন। আব্দুল মতিনকেও কোনো জবাব দিতে পারছি না।’
সমাজসেবা কার্যালয়ের রঙ্গারচর ইউনিয়নের দায়িত্বে থাকা ইউনিয়ন সমাজকর্মী শামসুল আনোয়ার জুয়েল এই বইগুলো অন্যদের নামে প্রতিস্থাপন করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা আমার আগের কর্মকর্তা করে গেছেন। এখন ভোগান্তিতে পড়েছি আমি।’ জাহাঙ্গীরনগর ইউনিয়নের সমাজকর্মী সমীরণ তালুকদার বলেন, ‘সুনামগঞ্জে কয়েক হাজার লোক বয়স্কভাতা পান। এর মধ্যে দুয়েকটা ভুল হতে পারে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী জানান, ভাতার কোনো টাকা যাতে অবিতরণকৃত না থাকে এ বিষয়ে কর্মকর্তাদের ওপর চাপ থাকে। এ কারণে কাউকে না পাওয়া গেলে নাম প্রতিস্থাপন করতে হয়। এ ক্ষেত্রে চেয়ারম্যান-মেম্বাররা যে নাম দেন সে অনুযায়ী বই সরবরাহ করা হয়ে থাকে। তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় ভুল হয়। তিনি বলেন, ‘ভবিষ্যতে আর এ রকম ভুল হবে না। আমি বলেছি যাঁরা আগে ভাতা পেতেন তাঁরাই পাবেন। এই চারজনের স্থলে যাদের নাম প্রতিস্থাপন করা হয়েছে তাঁদের প্রয়োজনে পরবর্তীতে ভাতার ব্যবস্থা করা হবে।’

  • [১]