- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলার ৯ ইউনিয়ন অনানুষ্ঠানিক প্রচারণায় সরগরম পল্লী জনপদ

আকরাম উদ্দিন
সদর উপজেলায় ৯ ইউনিয়নে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণায় উঠান বৈঠক, পাড়া-মহল্লায় বৈঠক, জুম্মাবারে ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে মুসলিল্লদের দোয়া চাওয়া, ঘরে ঘরে গিয়ে মহিলা ভোটারদের সমর্থন চাওয়ার মাধ্যমে প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে চলেছেন।
৯ ইউনিয়নের মধ্যে মোল্লাপাড়া, গৌরারং, লক্ষণশ্রী, মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই। অন্য ৫ ইউনিয়নে দলীয় বিদ্রোহী প্রার্থীদের শক্ত বাধার সামনে পড়বেন দলীয় মনোনয়নপ্রাপ্তরা। এদিকে সুরমা, জাহাঙ্গীরনগর, কুরবাননগর, লক্ষণশ্রী, গৌরারং, মোহনপুর ও কাঠইর ইউনিয়নে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। বিএনপির বিদ্রোহী মোকাবিলা করতে হবে কেবলমাত্র রঙ্গারচর ও মোল্লাপাড়া ইউনিয়নে। বিদ্রোহী প্রার্থী বিবেচনায় সদর উপজেলায় আওয়ামী লীগের চাইতে বিএনপি অনেকটাই সুবিধাজনক অস্থানে রয়েছে। এদিকে, জাতীয় পার্টি কুরবাননগর ছাড়া অবশিষ্ট ৮ ইউনিয়নেই প্রার্থী দাঁড় করিয়েছে। দলীয় প্রার্থীর বাইরে প্রতিটি ইউনিয়নেই আছেন স্বতন্ত্র প্রার্থীরা।  
যেখানে বিদ্রোহী প্রার্থী আছেন, সেখানে দলীয় ভোট ভাগাভাগি হতে পারে এমন মত প্রকাশ করেছেন একাধিক ভোটার। সকল প্রার্থীরাই এলাকাভিত্তিক ভোট পেতে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুরমা ইউনিয়নে এবার আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মো. আব্দুছ ছত্তার ডিলার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা, জাতীয় পার্টির আব্দুস ছাত্তার, বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল  ইসলাম। এছাড়াও সাধারণ সদস্য পদে ৫৩জন ও নারী সদস্য পদে ১৪জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার এই ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৯,৩৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯,৮০৩ জন, মহিলা ভোটার ৯,৫৯২ জন।
আ.লীগ প্রার্থী মো. আব্দুছ ছত্তার ডিলার বলেন, ‘আমার প্রচারণা রয়েছে ইউনিয়নের সর্বত্র। আমি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি দীর্ঘ ৭ মাস ধরে। আমি নির্বাচিত হবো, এটা আমার বিশ্বাস। নির্বাচিত হয়ে অবহেলিত ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন করবো। আ. লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা বলেন, ‘ইউনিয়নের সকল স্থানে আমার নির্বাচনী প্রচারণা চলছে। আমি নির্বাচিত হলে ইউনিয়নের ২৯ গ্রামের সড়ক যোগাযোগের উন্নয়ন করবো। জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়ন কমপ্লেক্সের স্থান নির্ধারণ করে নির্মাণের ব্যবস্থা করবো।’
জাহাঙ্গীরনগর ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী মো. মোকসেদ আলী, আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল কাদির, বিএনপি’র মনোনীত প্রার্থী মো. উছমানগণী, জাপার রশিদ আহমদের প্রচারণা রয়েছে ইউনিয়ন জুড়ে। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন ও নারী সদস্য পদে ১৪জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার এই ইউনিয়নে রয়েছেন ১৭,৩৮২ জন ভোটার। পুরুষ ভোটার ৮,৭০৮ জন, মহিলা ভোটার ৮,৬৭৪ জন।
আ. লীগের মনোনীত প্রার্থী মো. মোকসেদ আলী বলেন, ‘ইউনিয়নের সকল গ্রামে আমার প্রচারণা অব্যাহত আছে।’ বর্তমান ইউপি চেয়ারম্যান ও আ. লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির বলেন, ‘আমি মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছি। আমি বিগত সময়ে এলাকার অনেক উন্নয়ন করেছি। আমি আশাবাদী আমাকে এলাকার ভোটারগণ নির্বাচিত করবেন।’
রঙ্গারচর ইউনিয়নে আ. লীগের মনোনীত আবুল কালাম আজাদ, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল করীম, আব্দুল মালিক ও মহিউদ্দিন, বিএনপি’র মনোনীত প্রার্থী আব্দুল হাই, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ফরহাদ রাজা চৌধুরী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৭ জন ও নারী সদস্য পদে ১৩জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য বারের চেয়ে এবার এই ইউনিয়নে নির্বাচনী প্রচারণার তেজ বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা ক্লান্তিহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে একাধিক ভোটার জানান। এবার রঙ্গারচর ইউনিয়নে মোট ভোটার ১৫,৯৮৮ জন। পুরুষ ভোটার ৭,৯৯৩ জন, মহিলা ভোটার ৭,৯৯৫ জন রয়েছেন।
আ. লীগের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি ক্লান্তিহীনভাবে। বিগত সময়ে নির্বাচিত হয়ে এই ইউনিয়নে আমি অনেক উন্নয়ন কাজ করেছি। এবারও নির্বাচিত হবো, এটা আমার বিশ্বাস।’
বিএনপি’র প্রার্থী আব্দুল হাই বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাকে ভোটারগণ এবার নির্বাচিত করবেন, এটা আমার বিশ্বাস।’
কুরবাননগর ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কুহিনুর আলম, আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. সামছু উদ্দিন, বিএনপির মনোনীত মনফর আলী, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বরকতের নির্বাচনী প্রচারণা বেশি। ইউনিয়নের অন্যান্য স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান ও মাসুক মিয়ারও নির্বাচনী প্রচার আছে। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৫ জন ও নারী সদস্য পদে ১১জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার এই ইউনিয়নে মোট ভোটার ১২,৯১৩ জন। পুরুষ ভোটার ৬,৫৩০ জন, মহিলা ভোটার ৬,৩৮৩ জন।
আ.লীগের মনোনীত প্রার্থী কুহিনুর আলম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। আশাকরি আমি নির্বাচিত হবো।’ আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. সামছু উদ্দিন বলেন, ‘আমি অনেকদিন ধরে নির্বাচনী প্রচারণা দিয়ে আসছি। ইউনিয়নের সকল স্থানে আমার প্রচারণা আছে। আমি নির্বাচিত হবো এটা আমার বিশ্বাস।’ বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বরকত বলেন, ‘আমার ইউনিয়নের সকল স্থানে উন্নয়ন করেছি। ইউনিয়নের সর্বত্র আমার প্রচারণা চলছে। আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।’
মোল্লাপাড়া ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছুবান, বিএনপির মনোনীত আজমল হোসেন, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী নুরুল হক, জাপার মো. ফয়জুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মনির উদ্দিন, মশর উদ্দিন মশির, আল-আমিন, ইয়াসির আলী নির্বাচনী প্রচারণায় আছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় আব্দুছ ছোবহান অন্য যেকোন ইউনিয়নের চাইতে সুবিধাজনক অবস্থায় রয়েছেন। সাধারণ সদস্য পদে ৫৪ জন ও নারী সদস্য পদে ১১জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোল্লাপাড়া ইউনিয়নে মোট ভোটার ১৩,৭৭৭ জন। পুরুষ ভোটার ৬,৯৭৩ জন, মহিলা ভোটার ৬,৮০৪ জন।
আ.লীগের মনোনীত প্রার্থী আবদুছ ছুবান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলি- আমি প্রতি বার প্রার্থী হয়ে ভোট চাই আপনাদের কাছে। শেষে ২/১ শ’ ভোটের জন্য পাশ করতে পারি না। এবার আমাকে সবে মিলে ভোট দিলে আশাকরি আমি নির্বাচিত হবো।’
লক্ষণশ্রী  ইউনিয়নে আ. লীগের মনোনীত প্রার্থী ইয়াকুব বখত বহলুল, বিএনপি’র মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ, জাপার মো. আবদুল মন্নান, স্বতন্ত্র মো. ফারুক রশিদ ও মো. আব্দুর রকিব মিয়ার প্রচারণা রয়েছে ইউনিয়ন জুড়ে। এই ইউনিয়নেও বিএনপি কিংবা আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন ও নারী সদস্য পদে ১০জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। লক্ষণশ্রী ইউনিয়নে মোট ভোটার ১০,০৬০ জন। পুরুষ ভোটার ৪,৯৯৬ জন, মহিলা ভোটার ৫,০৬৪ জন।
আ. লীগের মনোনীত প্রার্থী ইয়াকুব বখত বহলুল বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় দিনে ও রাতে প্রচারণা দিচ্ছি। খুবই সাড়া পাচ্ছি ভোটারদের। ইউনিয়নের সকল গ্রামে আমার প্রচারণা অব্যাহত আছে। আমি নির্বাচিত হবো এটা আমার বিশ্বাস।’
বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় সকল মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। প্রতিদিন আমার প্রচারণা অব্যাহত আছে। আমি আশাবাদী আমাকে এলাকার ভোটারগণ নির্বাচিত করবেন।’  
গৌরারং  ইউনিয়নে আ. লীগের মনোনীত প্রার্থী হোসেন আলী, বিএনপি’র মনোনীত প্রার্থী ফুল মিয়া, জাপার শওকত আলী, স্বতন্ত্র গোলাম কিবরিয়া ও আব্দুল ওয়াহাব। গৌরারংয়েও কোন দলের বিদ্রোহী প্রার্থী নেই। এছাড়া সাধারণ সদস্য পদে ৫১ জন ও নারী সদস্য পদে ১৬জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গৌরারং ইউনিয়নে মোট ভোটার ২৩,৭২৮ জন। পুরুষ ভোটার ১২,০২১ জন, মহিলা ভোটার ১১,৭০৭ জন।
আ. লীগের মনোনীত প্রার্থী হোসেন আলী বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় দিনে ও রাতে প্রচারণা দিচ্ছি। ইউনিয়নের সকল গ্রামে আমার প্রচারণা অব্যাহত আছে।’
কাঠইর  ইউনিয়নে আ. লীগের মনোনীত প্রার্থী অ্যাড. বুরহান উদ্দিন, আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. লুৎফুর রহমান, বিএনপি’র মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম, জাপার,মো. ফারুক মিয়া, জমিয়তের মো. শামসুল ইসলাম, স্বতন্ত্র মো. আবদুল মতিন, আনজব আলী ও নুরুজ্জামান। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ জন ও নারী সদস্য পদে ১০জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাঠইর ইউনিয়নে মোট ভোটার ১০,৮৬৪ জন। পুরুষ ভোটার ৫,৪৬০ জন, মহিলা ভোটার ৫,৪০৪ জন।
আ. লীগের মনোনীত প্রার্থী অ্যাড. বুরহান উদ্দিন বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় দিনে-রাতে প্রচার দিচ্ছি। ইউনিয়নের সকল স্থানে আমার প্রচারণা চলছে।’
মোহনপুর  ইউনিয়নে আ. লীগের মনোনীত প্রার্থী মো. মঈনুল হক, বিএনপি’র মনোনীত প্রার্থী, মো. তাজুল ইসলাম, জাপার মো. নুরুল হক, স্বতন্ত্র, রঞ্জু কুমার দাস। এখানেও কোন দলের বিদ্রোহী প্রার্থী নেই। এছাড়া সাধারণ সদস্য পদে ৪১ জন ও নারী সদস্য পদে ১৪জন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোহনপুর ইউনিয়নে মোট ভোটার ১১,৭৭১ জন। পুরুষ ভোটার ৫,৮৬৪ জন, মহিলা ভোটার ৫৯০৭ জন।

  • [১]