স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে তার বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের পাশে ইউএনওর বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, বাসভবনের প্রধান ফটকে চার আনসার সদস্য পাহারায় রয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বাসভবন ও প্রশাসনিক ভবনের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলার ১১ উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবন ও কার্যালয়ের সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
সহকারী প্লাটুন কামান্ডার নুনু আহমেদ নয়ন জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সুনামগঞ্জ সদর উপজেলা ও জেলার অন্যান্য উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের বাসভবনে নিরাপত্তার জন্য ৪ জন করে সদস্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত ওয়াহিদাকে বৃহস্পতিবার ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়।