স্টাফ রিপোর্টার
সদর উপজেলা বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার লক্ষ্যে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুরমা ইউনিয়নের বেড়িগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যলয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল জাকেরীণ, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গৌতম রায়, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আলহাজ্ব নুরুর রব চৌধুরী, নারী নেত্রী শীলা রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপের এরিয়া ম্যানেজার মো.মজিবুল হক। মতবিনিময় সভায় সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পর তিন ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বলেন, ‘জেলার বিভিন্ন এলাকাকে ইতিমধ্যে বাল্যবিবাহমুক্ত করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে সদর উপজেলার সকল ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত করব। তবে এ ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষেরা সহযোগিতা করতে হবে।’ বাল্যবিবাহের শিকার ও বিচ্ছেদ পরবর্তী বিজয়ী নারী ছালিমা আক্তারকে লেখাপড়া করে ঘুরে দাঁড়ানোর জন্য অভিবাদন জানানো হয়। সভায় সার্বিক সহযোগিতা করে বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ।