আকরাম উদ্দিন
জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ৬ বিদ্রোহী প্রার্থীর ৪ জনের প্রতীকই আনারস। অন্য ২ প্রার্থীর প্রতীক চশমা ও ঘোড়া। দলীয় প্রতীক না পেলেও প্রাপ্ত প্রতীক নিয়েই তারা নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তার প্রমাণ দিতে এখন ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর মুহূর্ত থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণার এই বিরামহীন কর্মযজ্ঞ। শেষ হবে নিবৃাচনী প্রচারণা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে। শুক্রবার বিভিন্ন বিদ্রোহী প্রার্থীর প্রচারণার খবর জানতে এই প্রতিবেদক প্রার্থীদের মোবাইল ফোনে কল দিয়ে তথ্য সংগ্রহ করেন। কয়েকজন প্রার্থী ব্যস্ততার কারণে এই প্রতিবেদকের ফোনকল ধরারও ফুরসৎ পাননি। সংগত কারণেই মোবাইলে না পাওয়া এই প্রার্থীদের প্রচারণার খবর জানা যায়নি।
শুক্রবার দিনভর সুরমা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আমির হোসেন রেজা ‘আনারস’ মার্কা নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন। তিনি ইব্রাহীমপুর, জগন্নাথপুর, মইনপুর, সদরগড়, সৈয়দপুর, হালুয়ারঘাট, মুসলিমপুর ইত্যাদি এলাকায় প্রচারণা করেছেন।
এদিকে,
জাহাঙ্গীরনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কাদির ‘আনারস’ মার্কা নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত ছিলেন। তিনি ইউনিয়নের কাইয়ারগাঁও ও ঝরঝরিয়া গ্রামে ঘরে ঘরে গিয়ে প্রচারণা দেন। এলাকার ভোটারগণ আনারস মার্কায় ভোট দেবেন এমন আশা ব্যক্ত করেন তিনি।
রঙ্গারচর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম ‘চশমা’ মার্কা ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফরহাদ রাজা চৌধুরী ‘ঘোড়া’ মার্কা নিয়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন। ফরহাদ রাজা চৌধুরী জানান, হরিনাপাটী গ্রামে প্রচারণা দিতে গিয়ে দিন শেষ হয়ে গেছে। গ্রামটি বেশ বড়। এলাকায় আমার জনপ্রিয়তা আছে। অপর বিদ্রোহী প্রার্থী আব্দুল করীম ফোনও ধরতে পারেননি।
মোলাপাড়া ইউনিয়নের বিএনপি’র বিদ্রোহী প্রার্থী নুরুল হক ‘আনারস’ মার্কা নিয়ে দিনভর বীটগঞ্জবাজার, গোয়াচুরা, ইছাগড়ি বাজারে প্রচারণায় ব্যস্ত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বিদ্রোহী প্রার্থী না। আমি বিএনপিতেই আছি। নির্বাচনে প্রার্থী হতে দল আমাকে নিষেধ করেনি। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
কাঠইর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লুৎফুর রহমান ‘আনারস’ মার্কা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি জানান, কাঠইর, হোসেননগর, শ্রীমতিবাজার, জগজ্বীবনপুর, নোয়াগাঁও কামালবাজার, গোলেরগাঁও নতুন বাজার ও নারকিরা এলাকায় প্রচারণায ব্যস্ত ছিলেন তিনি। এসময় নোয়াগাঁও গ্রামের মুক্তার আলী ও আব্দুল খালিক জানান, আমরা সবাই মিলে প্রচারণা চালিয়ে যাচ্ছি।