স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সেবাগ্রহিতাদের মতবিনিময় সভা হয়েছে। পৌর শহরের জেলা ইপিআই ভবনে বিকাল সাড়ে তিনটায় এই মতবিনিময় হয়।
সুনামগঞ্জ সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহবায়ক ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডাক্তার আবদুল হাকিম, সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী, সদর হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ গোলদার, সনাকের সহসভাপতি এনামুল হক চৌধুরী ও অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাস, সঞ্চিতা চৌধুরী, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, কানিজ সুলতানা, সাবেক পৌর কাউন্সিলর আরতি তালুকদার কলি ও সমরাজ মিয়া, সেবাগ্রহিতা শামসুল ইসলাম, আকরাম উদ্দিন, মুজাহিদুল ইসলাম মজনু, আবদুস সহিদ, টিআইবির কর্মকর্তা বিন্দু রিছিল প্রমুখ।
সভায় টিআইবির সনাকের পক্ষ থেকে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশমালা তুলে ধরা হয়। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন বক্তারা।
সিভিল সার্জন আবদুল হাকিম বলেন, সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পথে প্রয়োজনীয় চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারী সংকট বড় বাধা। তবুও সীমিত লোকবল দিয়ে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চলছে। সবার চেষ্টা ও আন্তরিকতা থাকলে সেবা আরও বাড়বে।