- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা প্রদানের কোনো সুযোগ ছিল না। জেলার রোগীদের সিলেট কিংবা ঢাকায় গিয়ে এই জরুরি সেবা নিতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তি পোহাতে হতো লোকজনকে। এখন থেকে সদর হাসপাতালে কম মূল্যে নিয়মিত এই সেবা পাওয়া যাবে। এজন্য একজন চিকিৎসক ও ১৫ জন সেবিকাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সেবা প্রদানের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিসহ পাঁচ শয্যার একটি ওয়ার্ডও চালু করা হয়েছে।
নতুন এই সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালটি ২৫০ শয্যার। এখানে চিকিৎসক থাকার কথা ৬২জন, অথচ আছেন মাত্র ১২জন। তাহলে জেলার ২৪ লাখ মানুষ কীভাবে প্রয়োজনীয় সেবা পাবে। বড় বড় ভবন হচ্ছে। যন্ত্রপাতি পড়ে আছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক না থাকার কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একটি জেলা সদরের হাসপাতালে হৃদরোগের কোনো চিকিৎসক নেই, রেডিওলজিস্ট নেই। এটা খুবই দুঃখজনক। সংসদে বারবার এ নিয়ে কথা বলেও কোনো ফল পাচিছ না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আশরাফুল হক, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসুদন ধর, সুনামগঞ্জে জেলার সাবেক সিভিল সার্জন আবদুল হাকিম, সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ গোলদার, বিষ্ণুপ্রদাস চন্দ, লিপিকা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]