লিপসন আহমদ
সদর হাসপাতালে পকেটমার ও চোরের দৌরাত্ম্য বেড়ে চলেছে। হাসপাতালের ওয়ার্ডে, ডাক্তারের চেম্বারের সামনে ও টিকেট কাউন্টারের সামনে এমন ঘটনা ঘটছে। গত এক মাসে প্রায় ১০/১২ টি পকেটমার ও চুরির ঘটনা ঘটেছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। আগে হাসপাতালে এত বেশি পকেটমার বা চুরির ঘটনা না ঘটলেও হঠাৎ করে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় শংকিত হয়ে উঠেছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। টিআইবি’র ইয়েস গ্রুপের অর্পা দত্ত জানান, ‘সকাল বেলায় হাসপাতালে কর্মব্যস্ততার ফাঁকে পকেটমার আমার ভ্যানিটি বেগের চেইন খুলে ফেলে। কিন্তু টাকা নিতে পারেনি। এর কিছুক্ষণ পর সকাল প্রায় সাড়ে ১১ টায় একজন বৃদ্ধ লোক এসে আমাদেরকে জানান, তাঁর পাঞ্জাবীর পকেট থেকে ৭ শত টাকা পকেটমার নিয়ে গেছে। তিনি ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে ছিলেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর.এম.ও) ডা. রফিকুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে হাসপাতালের ভেতর এলাকায় চোর ও পকেটমারের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এমন খবর শুনেছি। একজন ডাক্তারও আমাকে বলেছেন, মানুষের ভিড়ে চলার সময় উনার পকেটে হাত ঢুকিয়ে ছিল। কিন্তু কিছুই নিতে পারেনি। তিনি চিনতে পারেননি কোন লোকটি হাত ঢুকিয়েছে। এসব বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। তখন তাঁরা হাসপাতালেও আসেন। হাসপাতালে এখন প্রায় প্রতিদিনই বিশেষ করে সকাল বেলায় মহিলা পুলিশেরও জরুরি প্রয়োজন।’
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘হাসপাতালের ভেতরে পকেটমার বা চোরের উপদ্রব হলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানালে অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা করবো।’