- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর হাসপাতাল সড়কের বেহাল দশা

পুলক রাজ
সুনামগঞ্জ সদর হাসপাতাল সড়ক ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থান ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল দশায় সমস্যায় পড়েছেন পথচারীরা। সড়কের কারণে ক্ষতিগ্রস্ত হয় যানবাহন। চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রী ও রোগীরা। বৃষ্টি হলে পানি জমে সড়ক আরও বিপদজনক হয়ে যায়। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সদর হাসপাতাল সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়ক বেহাল হলেও প্রয়োজনের তাগিদে ভোগান্তি নিয়ে প্রতিদিনই চলাচল করছেন মানুষ। সদর হাসপাতালে প্রতিদিন পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অসংখ্য লোকজন চিকিৎসা সেবা নিতে আসেন। সড়কের বেহাল দশার কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও সাধারণ জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। হৃদরোগী ও গর্ভবতী মহিলাদের আরো বেশি কষ্ট করতে হয়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় রোগী বহনকারী গাড়িগুলোর সমস্যা হয়। হাসপাতাল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়কের গর্তে জমে থাকা ময়লা পানি প্রায় সময়ই লোকজনের গায়ে পড়ে কাপড় নষ্ট হয়ে যায়।
হাছননগরের বাসিন্দা তাহের মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ হাসপাতালের সামনের সড়কটি ভাঙাচোরা অবস্থায় আছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কটিতে সংস্কার না হওয়ায় রোগী ও যাত্রীরা বেশ দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন। সন্তানসম্ভবা মায়েদের হাসপাতালে নিয়ে আসতে অনেক কষ্ট হচ্ছে। জনসাধারণের ও রোগীদের চলাচলের কথা বিবেচনা করে দ্রুত রাস্তাটি মেরামত করার দাবি জানাই।
হাছননগরের বাসিন্দা দিবাকর রায় বলেন, সদর হাসপাতাল সড়ক দিয়ে চলাচল করতে মহাদুর্ভোগে পড়তে হয় আমাদের। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত সড়কটি সংস্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ বলেন, তিনবারের বন্যায় পৌর এলাকার সড়ক ভেঙে গেছে। এখন বৃষ্টির জন্য হাসপাতাল সড়কের কাজ করানো সম্ভব হচ্ছে না। বৃষ্টি মৌসুম চলে গেলে, হাসপাতাল সড়ক সংস্কার করা হবে।

  • [১]